
|
প্রকাশিত হলো লেখকপত্রের ৩০তম বিশেষ সংখ্যা
প্রকাশ:
২৩ অক্টোবর, ২০২৬, ০৯:২২ সকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক লেখা ও লেখকের কথা নিয়ে প্রকাশিত সাড়া জাগানো সাময়িকী লেখকপত্রের অক্টোবর-ডিসেম্বর ২০২৬ সংখ্যা এখন বাজারে। এটি পত্রিকাটির ৩০তম সংখ্যা। এজন্য প্রায় দ্বিগুণ কলেবরে বিশেষ সংখ্যা হিসেবে এটি প্রকাশিত হয়েছে। বিশেষায়িত এই কাগজটি ইতোমধ্যে আট বছরে পা রেখেছে। চলতি সংখ্যায় ‘লেখকপত্র: গুণী লেখকদের চোখে’ শিরোনামে ২৪ জন লেখকের মূল্যায়ন উঠে এসেছে। তারা লেখকপত্রের পথচলায় শুভেচ্ছা জানানোর পাশাপাশি পত্রিকাটির আগামী দিনের পথচলায় করণীয় সম্পর্কে আলোকপাত করেছেন। লেখালেখি নিয়ে বিশেষ সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে আলোচিত দুজন ধর্মীয় ব্যক্তিত্বের। তারা হলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক এবং আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। লেখকপত্র নিয়ে বিশ্লেষণ ও নির্দেশনামূলক বিশেষ কলাম লিখেছেন মাওলানা শরীফ মুহাম্মদ। ৩০তম সংখ্যা উপলক্ষে সম্পাদক জহির উদ্দিন বাবর ‘তিরিশ প্রশ্ন, তিরিশ উত্তর’ শীর্ষ বিশেষ সাক্ষাৎকারে মুখোমুখি হয়েছেন। সাক্ষাৎকার নিয়েছেন মাসউদুল কাদির। ‘লেখালেখির দরদি পৃষ্ঠপোষক তিন আকাবির’ শিরোনামে সূচিবদ্ধ হয়েছেন মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ., মাওলানা আতহার আলী রহ. এবং মাওলানা লুৎফুর রহমান শায়খে বর্ণভী রহ.। লিখেছেন আমিন আশরাফ। কিংবদন্তি তিন আলেম সাংবাদিক মাওলানা আকরম খাঁ, মাওলানা মুনিরুজ্জামান ইসলামাবাদী এবং মাওলানা মুহিউদ্দীন খান রাহিমাহুমুল্লাহকে নিয়ে লিখেছেন নূরউদ্দীন আওরঙ্গজেব। ‘তিন আলেম লেখকের টেবিল ও লেখালেখির গল্প’ তুলে ধরেছেন শামসুদ্দীন সাদী। সূচিবদ্ধ হয়েছেন মাওলানা হেমায়েত উদ্দীন, মাওলানা ইয়াহইয়া ইউসুফ নদভী এবং ড. মুফতি গোলাম রব্বানী। সদ্য চলে যাওয়া সাত দশকের কলমের সাধক ড. মাওলানা সাঈদুর রহমান আজমি নদভীর স্মরণে লিখেছেন সাইমুম রিদা। চলে যাওয়া লেখকের তালিকায় সূচিবদ্ধ হয়েছেন দুই শিশুসাহিত্যিক- আখতার হোসেন এবং আমীরুল ইসলাম। তারুণ্য ভাবনায় সাক্ষাৎকার দিয়েছেন আমীর ইবনে আহমদ। ম্যাগাজিন, লিটল ম্যাগাজিন ও ইসলামি ম্যাগাজিনের নানা দিক নিয়ে লিখেছেন মুনীরুল ইসলাম। আলো ছড়িয়ে নিভে যাওয়া অর্ধশত সাময়িকীর কথা তুলে ধরেছেন আবু নাবিল। প্রথম বই প্রকাশের গল্প বলেছেন আলতাফ হোসাইন রানা। লেখকপত্রের আট বছরের পথচলা নিয়ে বিশ্লেষণ করেছেন সাহেদ বিপ্লব। ঝটপটে মুখোমুখি হয়েছেন মুজিব হাসান। বই আলোচনায় ‘ইতিহাস চর্চায় পিতা-পুত্রের স্বাধীন উদ্যোগ’ নিয়ে লিখেছেন পারভেজ চৌধুরী। তারুণ্য বিভাগে স্থান পেয়েছে ২২ জনের লেখা। কবিতাপত্রে খ্যাতিমান পাঁচ কবিকে নিয়ে লিখেছেন এই সময়ের পাঁচ কবি। কুরআনপ্রেমী এক অমুসলিম প্রকাশকের গল্প তুলে ধরেছেন ইলয়াস হোসাইন। সাহিত্যে নোবেল পুরস্কার, ইসলামি বইমেলা এবং লেখালেখির বিভিন্ন দিক নিয়ে টুকরো কয়েকটি লেখাও ছাপা হয়েছে এবারের সংখ্যায়। সম্পাদকীয়সহ নিয়মিত বিভাগ তো রয়েছেই। লেখকপত্রের চলতি সংখ্যা সংগ্রহ করা যাবে- বায়তুল মোকাররমের বই মাকের্টের হাবিবিয়া বুক ডিপো থেকে। এছাড়া বাংলাবাজারের কওমি মার্কেটের মেশক প্রকাশন, যিয়ান পাবলিকেশন্স, চৌধুরীপাড়ায় আওয়ার ইসলামের কার্যালয় এবং যাত্রাবাড়ীর মোল্লার বই ডটকমেও পাওয়া যাবে। কমপক্ষে ১০ কপির এজেন্ট হওয়ার সুযোগ রয়েছে। সার্কুলেশন বিষয়ে যোগাযোগ করতে পারেন ০১৯১৮৭০৬০৩৫ নাম্বারে। প্রসঙ্গত, ২০১৯ সাল থেকে শুরু হওয়া লেখকপত্রের সম্পাদক হিসেবে আছেন লেখক-সাংবাদিক জহির উদ্দিন বাবর। নির্বাহী সম্পাদক হিসেবে আছেন আলেম লেখক ও ছড়াকার মুনীরুল ইসলাম। এছাড়া একঝাঁক তরুণ সাময়িকীটির সঙ্গে জড়িত। আইও/ |