
|
হারামাইনে হামলার নিন্দা মালয়েশিয়ার গ্র্যান্ড মুফতির
প্রকাশ:
২৩ অক্টোবর, ২০২৬, ১২:১২ দুপুর
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববী অভিমুখী মুসল্লি-হজযাত্রীদের লক্ষ্য করে হামলা এবং দেশটির বেসামরিক স্থাপনায় হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মালয়েশিয়ার ফেডারেল টেরিটরিজের মুফতি শায়খ আহমদ ফাওয়াজ ফাদজিল। তিনি এসব হামলাকে একটি মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে গুরুতর অপরাধ ও আগ্রাসন হিসেবে অভিহিত করেছেন। মক্কাভিত্তিক আন্তর্জাতিক সংস্থা মুসলিম ওয়ার্ল্ড লিগ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিওতে তাঁর এ বক্তব্য তুলে ধরে। শায়খ আহমদ ফাওয়াজ ফাদজিল বলেন, ‘আমি স্পষ্টভাবে জানাতে চাই, সৌদি আরবে হামলার নিন্দা জানাচ্ছি। আমরা এ হামলাকে একটি মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে গুরুতর অপরাধ, আগ্রাসন এবং মুসলমানদের বিরুদ্ধে বেআইনি আক্রমণ বলে মনে করি।’ তিনি আরও বলেন, ইতিহাসে এমন গোষ্ঠীর কর্মকাণ্ড বিরল, যারা পবিত্র স্থান ও সেখানে আগত মানুষদের লক্ষ্যবস্তুতে পরিণত করে। এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের ধ্বংস ও কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেন তিনি। প্রতিবেদনে বলা হয়, ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার হুমকিতে রয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াদ, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আভা এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের দাম্মাম। নিয়মিত এসব হামলা প্রতিহত করার খবর পাওয়া যাচ্ছে। পবিত্র মক্কা ও মদিনাও হুমকির আওতায় রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এদিকে বুধবার দাম্মাম বিমানবন্দর লক্ষ্য করে চালানো হামলায় দুইজন নিহত ও আটজন আহত হয়েছেন বলে জানিয়েছে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। নিহতদের একজন সৌদি নাগরিক এবং অন্যজন ভারতীয় প্রবাসী। কর্তৃপক্ষ জানায়, আহত আটজনের মধ্যে একজন সৌদি নাগরিক, ভারতীয়, ইয়েমেনি ও বাংলাদেশি নাগরিকত্বের দুজন করে এবং নেপালি নাগরিকত্বের একজন রয়েছেন। তাঁদের আঘাতের মাত্রা সামান্য থেকে গুরুতর পর্যন্ত। আহত ব্যক্তিরা বিভিন্ন হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া বৃহস্পতিবার ইয়েমেনে বৈধ সরকার পুনঃপ্রতিষ্ঠায় নিয়োজিত জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, রিয়াদ অঞ্চলে একটি ড্রোন শনাক্ত করে তা ভূপাতিত করা হয়েছে। সৌদি আরবের পবিত্র স্থান ও বেসামরিক স্থাপনায় হামলার নিন্দা জানিয়ে মালয়েশিয়ার মুফতি বলেন, এ ধরনের কর্মকাণ্ড শুধু একটি রাষ্ট্রের ওপর আক্রমণ নয়, বরং মুসলমানদের পবিত্র স্থান ও নিরপরাধ মানুষের নিরাপত্তার ওপরও গুরুতর আঘাত। সূত্র: আরব নিউজ আইও/ |