কারিকুলাম বিশেষজ্ঞ নিয়োগ দেবে আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট
প্রকাশ: ২৩ অক্টোবর, ২০২৬, ০২:৫৫ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

আরবি ভাষার কারিকুলাম, সিলেবাস ও মানসম্মত শিক্ষা উপকরণ তৈরির জন্য দক্ষ গবেষক ও কারিকুলাম বিশেষজ্ঞ নিয়োগ দেবে আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এ লক্ষ্যে দুটি পদে মোট চারজন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, একটি পদে সিনিয়র অ্যারাবিক কারিকুলাম স্পেশালিস্ট (টিম লিড বা বিভাগীয় প্রধান) এবং অন্য পদে তিনজন কারিকুলাম স্পেশালিস্ট নেওয়া হবে।

সিনিয়র অ্যারাবিক কারিকুলাম স্পেশালিস্ট পদে বেতন নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার থেকে ৬০ হাজার টাকা। এ পদে আল-আজহার বিশ্ববিদ্যালয়, মদিনা বিশ্ববিদ্যালয় অথবা সমমানের আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে আরবি ভাষা বা সাহিত্যে অন্তত স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি কারিকুলাম প্রণয়ন ও গবেষণা দল পরিচালনার অভিজ্ঞতা প্রয়োজন।

অন্যদিকে, কারিকুলাম স্পেশালিস্ট পদে বেতন ২৫ হাজার থেকে ৪০ হাজার টাকা। এ পদে কওমি মাদরাসা থেকে দাওরায়ে হাদিসের পর সংশ্লিষ্ট বিষয়ে তাখাসসুস সম্পন্ন এবং কনটেন্ট তৈরি ও কারিকুলাম নকশায় দক্ষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানটির নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচিতদের বিদ্যমান আরবি কারিকুলাম পর্যালোচনা, গবেষণা, নতুন পাঠ্যপুস্তক ও সিলেবাস তৈরি, ওয়ার্কবুক ও পাঠপরিকল্পনা প্রণয়ন এবং শিক্ষকদের অ্যাকাডেমিক দিকনির্দেশনা দেওয়ার দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি কোর্সের মান যাচাই, শিক্ষাক্রমের অগ্রগতি মূল্যায়ন এবং শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমেও যুক্ত থাকতে হবে।

আবেদনকারীদের আরবি ভাষায় কথা বলা, লেখা ও অনুবাদে সাবলীল হতে হবে। ইংরেজি ভাষায় যোগাযোগ ও পাঠ অনুধাবনের দক্ষতার পাশাপাশি আধুনিক ভাষা শিক্ষাপদ্ধতি সম্পর্কে ধারণা থাকতে হবে। মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট এবং আরবি ও ইংরেজি টাইপিংয়ে দক্ষতাও প্রয়োজন। সংশ্লিষ্ট ক্ষেত্রে গবেষণা, শিক্ষা উপকরণ তৈরি ও কারিকুলাম উন্নয়নের বাস্তব অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হবে। বিএড, এমএড কিংবা আন্তর্জাতিক ভাষা প্রশিক্ষণ কোর্স সম্পন্ন প্রার্থীরা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবেন।

নিয়োগপ্রাপ্তরা দুপুরের খাবার, প্রভিডেন্ট ফান্ড, বছরে দুটি উৎসব ভাতা এবং কর্মদক্ষতার ভিত্তিতে বার্ষিক বেতন বৃদ্ধির সুযোগ পাবেন।

আগ্রহী প্রার্থীদের আগামী ৫ নভেম্বর ২০২৬-এর মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করা যাবে https://forms.gle/gQwtjkRYZ2dVqRbs7 এই লিংকে। বিস্তারিত জানতে যোগাযোগ করা যাবে ০১৮০৫৪৩৭৯১০ নম্বরে।

আইও/