পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন ইরানের প্রেসিডেন্ট
প্রকাশ: ২৪ অক্টোবর, ২০২৬, ০৪:০৮ দুপুর
নিউজ ডেস্ক

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আগামী ২৭ অক্টোবর রাশিয়ার রাজধানী মস্কোতে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। ইরানের সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।

গ্যাস রপ্তানিকারক দেশগুলোর শীর্ষ সম্মেলনে যোগ দিতে পেজেশকিয়ান রাশিয়া সফর করবেন। 
ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালির বরাত দিয়ে দেশটির তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, বৈঠকে দুই নেতা অর্থনৈতিক সহযোগিতা এবং বিভিন্ন আন্তর্জাতিক ও ভূরাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করবেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার হামলা শুরুর পর থেকে মস্কো ও তেহরানের সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে থাকা দেশ দুটি বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়িয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শুক্রবার ইঙ্গিত দিয়েছেন, আগামী সপ্তাহে দুই দেশের প্রেসিডেন্টের উপস্থিতিতে আলোচনা হতে পারে। এর আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইরান সফর করেন। এ সময় আরাগচি রাশিয়া ও ইরানের সহযোগিতা আগের চেয়ে আরও ঘনিষ্ঠ হয়েছে বলে জানান।

এদিকে গত অক্টোবরের শুরুতে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছিলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করতে প্রস্তুত রাশিয়া।

তবে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা কয়েক মাস ধরে স্থবির হয়ে রয়েছে। ইরানের ওপর আবারও হামলা চালানোর হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এ পরিস্থিতিতে পুতিন ও পেজেশকিয়ানের আসন্ন বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা ও কূটনৈতিক পরিস্থিতি গুরুত্ব পেতে পারে।

এসএইচ/