
|
শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’
প্রকাশ:
২৪ অক্টোবর, ২০২৬, ০৭:২৮ বিকাল
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবন ৭ লোক কল্যাণ মার্গের কাছে অবস্থিত প্রায় ১০০ বছরের পুরোনো রেসকোর্স মসজিদের বিদ্যুৎ ও পানির সংযোগ পুনর্বহালের আবেদন খারিজ করে দিয়েছেন দিল্লি হাইকোর্ট। গত ১৫ অক্টোবর মসজিদটির ইমাম মুহাম্মদ হারুন এই আবেদন করেছিলেন। মসজিদটির বিদ্যুৎ ও পানির সংযোগ গত ৭ অক্টোবর বিচ্ছিন্ন করা হয়। দিল্লি ওয়াক্ফ বোর্ডের অভিযোগ, আগাম কোনো নোটিশ না দিয়েই সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, যদিও বিল পরিশোধ করা ছিল। আদালতে শুনানির সময় নয়াদিল্লি পৌর পরিষদ (এনডিএমসি) জানায়, ওই এলাকায় অবৈধ বসতি উচ্ছেদের কাজ চলছে। এ অবস্থায় বিদ্যুৎ সংযোগ পুনর্বহাল করলে মানুষের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে। আদালত পর্যবেক্ষণে বলেন, ওয়াক্ফ বোর্ডের নিয়োগ দেওয়া ইমাম মুহাম্মদ হারুন মসজিদ প্রাঙ্গণের ওপর তাঁর স্বতন্ত্র কোনো আইনগত অধিকার প্রতিষ্ঠা করতে পারেননি। এ ছাড়া বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্তের বিরুদ্ধে ওয়াক্ফ বোর্ড নিজেও আদালতে কোনো চ্যালেঞ্জ জানায়নি। রেসকোর্স মসজিদটি ওয়াক্ফ সম্পত্তি হিসেবে নথিভুক্ত। ২০০৯ সালে এটিকে দ্বিতীয় শ্রেণির ঐতিহ্যবাহী স্থাপনা হিসেবে ঘোষণা করা হয়। এদিকে সরকারি সূত্রের দাবি, মসজিদটি খালি করার জন্য কোনো নোটিশ জারি করা হয়নি। তবে ইমাম মুহাম্মদ হারুনের দাবি, তাঁকে ওই স্থান ছেড়ে যেতে বলা হয়েছিল। ফলে মসজিদের জমির মালিকানা, অবস্থান ও ভবিষ্যৎ নিয়ে বিরোধ এখনো অমীমাংসিত রয়ে গেছে। সূত্র: ইউএনএ নিউজ এসএইচ/ |