
|
আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের
প্রকাশ:
২৪ অক্টোবর, ২০২৬, ০৭:৪৪ বিকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক পবিত্র আল-আকসা মসজিদের খতিব শেখ খালেদ আবু জুমআকে জুমার নামাজ আদায় ও খুতবা দেওয়ার পর ইসরায়েলি বাহিনীর আটকের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে তাঁকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি। শনিবার (২৪ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এ দাবি জানান। বিবৃতিতে জমিয়তের নেতারা বলেন, আল-আকসা মসজিদের খতিবকে নামাজ ও খুতবা শেষে আটক করা শুধু একজন ধর্মীয় ব্যক্তির ওপর নিপীড়ন নয়, বরং মুসলমানদের পবিত্র স্থান ও ধর্মীয় স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তাঁরা বলেন, আল-আকসা মসজিদ মুসলিম উম্মাহর অন্যতম পবিত্র স্থান। সেখানে ইবাদত-বন্দেগি ও ধর্মীয় কার্যক্রম পরিচালনায় বাধা দেওয়া এবং আলেম-খতিবদের হয়রানি ও আটক কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইসরায়েলি বাহিনীর এ ধরনের কর্মকাণ্ড ফিলিস্তিনিদের ধর্মীয় অধিকার ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। বিবৃতিতে জমিয়তের নেতারা অবিলম্বে শেখ খালেদ আবু জুমআকে নিঃশর্ত মুক্তি দেওয়ার পাশাপাশি আল-আকসা মসজিদে মুসলমানদের নির্বিঘ্নে নামাজ আদায়, খুতবা দেওয়া ও ধর্মীয় কার্যক্রম পরিচালনার অধিকার নিশ্চিত করার আহ্বান জানান। তাঁরা আরও বলেন, আল-আকসাকে কেন্দ্র করে সব ধরনের দখলদারিত্ব, উসকানি, নিপীড়ন ও ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধ করতে হবে। ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং আল-আকসা মসজিদের মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে কার্যকর ভূমিকা পালন করতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে জমিয়তের নেতারা বলেন, ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক নিপীড়ন ও ধর্মীয় অধিকার হরণের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়কে দৃঢ় ভূমিকা পালন করতে হবে। এসএইচ/ |