
|
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি
প্রকাশ:
২৪ অক্টোবর, ২০২৬, ০৯:৫৪ রাত
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক ভারতের বিশ্বখ্যাত ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দে আগামী ২৭ অক্টোবর দেশজুড়ে ইসলামি মাদরাসাগুলোর প্রতিনিধিদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে প্রায় পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি অংশ নেবেন বলে জানা গেছে। সম্মেলন ঘিরে প্রতিষ্ঠানটিতে ব্যাপক প্রস্তুতি চলছে। সম্মেলনে ভারতের ইসলামি মাদরাসাগুলোর বর্তমান পরিস্থিতি, শিক্ষা ও প্রশিক্ষণব্যবস্থার উন্নয়ন এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সুরক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, সম্মেলনে মাদরাসাগুলোর অভ্যন্তরীণ ও বাহ্যিক চ্যালেঞ্জ পর্যালোচনার পাশাপাশি শিক্ষাব্যবস্থাকে আরও উন্নত, সুসংগঠিত ও কার্যকর করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ ছাড়া মসজিদ-মাদরাসার বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর তার প্রভাব এবং মুসলমানদের নাগরিক, সামাজিক ও শিক্ষাগত অধিকার সুরক্ষার বিষয়েও আলোচনা হতে পারে। এদিকে সম্মেলন উপলক্ষে দারুল উলুম দেওবন্দের প্রাঙ্গণে যানবাহন পার্কিংয়ের বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছেন প্রতিষ্ঠানটির মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী। প্রাঙ্গণে অতিরিক্ত গাড়ি পার্কিংয়ের কারণে শিক্ষার্থীদের চলাচলে সমস্যা হওয়ায় এ নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, প্রাঙ্গণে অপ্রয়োজনে বা দীর্ঘ সময় গাড়ি পার্কিং করা যাবে না। অতিথিদের গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রে গেটে দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তাকর্মীর কাছে চালকের নাম ও মোবাইল নম্বর নিবন্ধন করতে হবে। দুই ঘণ্টার বেশি সময় গাড়ি রাখার প্রয়োজন হলে সেটি প্রাঙ্গণের বাইরে সরিয়ে নিতে হবে। সম্মেলনের আগে মজলিসে আমেলা ও কুল হিন্দ রাবেতা মাদারেসে ইসলামিয়ার গুরুত্বপূর্ণ বৈঠক আয়োজনের প্রস্তুতিও চলছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা অতিথিদের অভ্যর্থনা ও আবাসনের ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যক্তিরা কাজ করছেন। সূত্র: ইনকিলাব উর্দু এসএইচ/ |