
|
ঢাকা থেকে ফেরার পথে খুন বরুণা মাদরাসার শিক্ষক
প্রকাশ:
২৫ অক্টোবর, ২০২৬, ০৯:২২ সকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক ঢাকা থেকে ফেরার পথে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন মৌলভীবাজারে ঐতিহ্যবাহী বরুণা মাদরাসার শিক্ষক মাওলানা মনিরুজ্জামান জসিম। জানা যায়, শুক্রবার (২৩ অক্টোবর) ঢাকা থেকে ফেরার পথে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা তাঁকে অপহরণ করে ভৈরব-আশুগঞ্জ সেতুসংলগ্ন এলাকায় নিয়ে যায়। সেখানে তাকে অমানুষিক নির্যাতন ও অচেতন করে সেতুর নিচে ফেলে রেখে পালিয়ে যায় তারা। পরবর্তী সময়ে স্থানীয় এক যুবকের নজরে এলে তিনি তাকে উদ্ধার করে ভৈরবের একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৪ অক্টোবর) রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মাওলানা মনিরুজ্জামান জসিমের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শোক প্রকাশ করেছেন তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। তাদের একজন লিখেছেন, প্রিয় এই শিক্ষকের হত্যার খবর দেখে তিনি কিছুক্ষণ স্তব্ধ হয়ে গেছেন। হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে তার। শোক প্রকাশের পাশাপাশি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন তিনি। তার ভাষ্য, অন্যায়ের প্রতিবাদ না করে চুপ থাকলে একসময় যে কেউ এমন সহিংসতার শিকার হতে পারেন। তাই মৃত্যুর আগে মজলুমের পক্ষে ও ইনসাফের পক্ষে কথা বলার আহ্বান জানিয়েছেন তিনি।
|