
|
জাপানে আজ শীর্ষ বৈঠক, হতে পারে ৮ সমঝোতা
প্রকাশ:
২৭ অক্টোবর, ২০২৬, ০৯:৪১ সকাল
নিউজ ডেস্ক |
জাপানে সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান আজ মঙ্গলবার জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠক করবেন। বাংলাদেশে জাপানের বিনিয়োগ বাড়ানো, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং অর্থনৈতিক অংশীদারিত্ব প্রসারের বিষয় আলোচনায় গুরুত্ব পাবে। দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তারেক রহমান। স্থানীয় সময় বেলা ১১টায় টোকিওতে প্রধানমন্ত্রীর কার্যালয় কান্তেইয়ে শীর্ষ বৈঠক হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানাবেন জাপানের প্রধানমন্ত্রী। এরপর দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে দ্বিপক্ষীয় বৈঠকে জাপানের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়ানো, ব্যবসায়িক সম্পর্ক জোরদার, বাংলাদেশে মেট্রোরেল, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরসহ নানা বিষয়ে আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে বলে মনে করা হচ্ছে। কৃষি, মৎস্যসম্পদ, মানবসম্পদ উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধি, বেসামরিক বিমান পরিবহনসহ বিভিন্ন খাতে সহযোগিতার বিষয়ে জাপানের সঙ্গে আটটির মতো সমঝোতা স্মারক সই হতে পারে। জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী, তাঁর স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী বিমানের নিয়মিত ফ্লাইট গতকাল সোমবার স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। এ সময় প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। তাঁকে স্বাগত জানান জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী নাকাসোনে ইয়াসুতাকা। এ সময় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে নিয়ে যাওয়া হয় টোকিওর ইম্পেরিয়াল হোটেলে। সফরকালে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা এই হোটেলে থাকবেন। এমএম/ |