বিশ্ববাজারে তেলের দামে পতন, কমলো কত?
প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২৬, ১২:১৬ দুপুর
নিউজ ডেস্ক

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমে আসার সঙ্গে সঙ্গে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দিনের শুরুতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ১ শতাংশ কমেছে। তবে সৌদি আরবে হুথিদের নতুন হামলায় পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বাংলাদেশ সময় সাড়ে ১০টার দিকে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ ডলার বা শূন্য দশমিক ৮৬ শতাংশ কমে যায়। এতে ব্যারেলপ্রতি তেলের দাম ১১৪ দশমিক ৮১ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৮৮ সেন্ট বা শূন্য দশমিক ৮৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০০ দশমিক ৮৮ ডলারে নেমে আসে। দিনের শুরুতে উভয় ধরনের তেলের দাম প্রায় ১ শতাংশ কমেছিল।

এর আগে, সোমবার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের কর্মকর্তারা ইরানের কর্মকর্তাদের সঙ্গে তেহরানে বৈঠক করেন। মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানো এবং শান্তি ও নিরাপত্তায় সহযোগিতা জোরদার করাই ছিল আলোচনার মূল লক্ষ্য। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, চার দেশ আলোচনা অব্যাহত রাখতে সম্মত হয়েছে।

নয়াদিল্লিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান এসএস ওয়েলথস্ট্রিটের প্রতিষ্ঠাতা সুগন্ধা সচদেব বলেন, পশ্চিম এশিয়ায় নতুন কূটনৈতিক তৎপরতা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় অগ্রগতির সম্ভাবনা বাড়িয়েছে। ফলে সাম্প্রতিক সময়ে কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে ওঠা তেলের বাজারে বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে।

গত সপ্তাহে হরমুজ প্রণালির আশপাশে তেলবাহী জাহাজে ইরানের ধারাবাহিক হামলার পর ব্রেন্ট তেলের দাম ব্যারেলপ্রতি ১১৭ ডলারের ওপরে উঠে যায়। গত এপ্রিলের পর এটিই ছিল সর্বোচ্চ দাম। সোমবারও দাম ১১৭ ডলারে পৌঁছেছিল।

তবে সৌদি আরবে হুথিদের নতুন হামলায় শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যুদ্ধের আগে বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হতো। বর্তমানে এই নৌপথ দিয়ে তেল পরিবহনের পরিমাণ স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় ৬০ শতাংশে নেমে এসেছে।

 এমএম/