এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর
প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২৬, ০৪:২৫ দুপুর
নিউজ ডেস্ক

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ৩১ অক্টোবর (শনিবার) প্রকাশ করা হবে।

মঙ্গলবার (২৭ অক্টোবর)শিক্ষা মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, এর আগে ২৯ অক্টোবর ফল প্রকাশের প্রাথমিক পরিকল্পনা করা হলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের আন্তর্জাতিক সফরসূচির কারণে সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়। যুক্তরাজ্য ও জাপান সফর শেষে প্রধানমন্ত্রী ২৯ অক্টোবর রাতে দেশে ফিরবেন। এরপর তার আনুষ্ঠানিক সম্মতি পাওয়ার পর ৩১ অক্টোবর ফল প্রকাশের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এবারে ফল প্রকাশের মূল অনুষ্ঠানটি রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হতে পারে।

এর আগে গত ২৪ অক্টোবর আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান আগামী ২৯ অক্টোবর ফল প্রকাশের একটি প্রাথমিক ভাবনার কথা জানিয়েছিলেন। তবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আনুষ্ঠানিক সবুজ সংকেত পেতে বিলম্ব হওয়ায় পূর্বনির্ধারিত সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে শিক্ষা বোর্ড।

উল্লেখ্য, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ২ জুলাই। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষাগুলো পুনর্বিন্যাস করায় তা ৯ সেপ্টেম্বর পর্যন্ত গড়ায়। এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন।

  এমএম/