
|
নাঙ্গলকোটে মাদরাসার বার্ষিক মাহফিলে দাওয়াহ ক্যাম্প, পুরস্কৃত মেধাবী শিক্ষার্থীরা
প্রকাশ:
২৮ অক্টোবর, ২০২৬, ০৩:০৩ দুপুর
নিউজ ডেস্ক |
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোটে খোলাফায়ে রাশেদীন ইসলামিয়া মাদরাসার বার্ষিক মাহফিল উপলক্ষে দাওয়াহ ক্যাম্প পরিচালনা ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেছে খিদমাতুল ইসলাম পরিষদ নাঙ্গলকোট, কুমিল্লা। মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া ইসলামিয়া দারুল ঈমান, বেগম মসজিদ, নতুন বাজার, সদর চাঁদপুরের প্রিন্সিপাল ও শাইখুল হাদীস মুফতি মাহবুবুর রহমান। প্রধান আলোচক ছিলেন আল্লামা শাহ আহমদ শফী (রহ.)-এর বিশিষ্ট খলীফা মাওলানা আবুল কাসেম। মাহফিল প্রাঙ্গণে আয়োজিত দাওয়াহ ক্যাম্পের মাধ্যমে আগত সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে বিভিন্ন ধরনের ইসলামি বই বিতরণ করা হয়। ক্যাম্প পরিচালনা করেন হাফেজ ইসমাইল হোসেন মামুন ও কারী ফজলুল হক। এ ছাড়া খোলাফায়ে রাশেদীন ইসলামিয়া মাদরাসার দ্বিতীয় সাময়িক পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের খিদমাতুল ইসলাম পরিষদের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং ভালো ফলাফলের স্বীকৃতি দিতেই এ উদ্যোগ নেওয়া হয়। দাওয়াহ ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষের কাছে ইসলামি জ্ঞানচর্চার উপকরণ পৌঁছে দেওয়া এবং কৃতী শিক্ষার্থীদের পুরস্কৃত করার মধ্য দিয়ে সংগঠনটির শিক্ষা ও দাওয়াহমূলক কার্যক্রমের প্রতিফলন ঘটেছে। খিদমাতুল ইসলাম পরিষদ নাঙ্গলকোট, কুমিল্লার এ উদ্যোগে মাহফিলে আগত সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মধ্যে দ্বীনি জ্ঞানচর্চা এবং শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পেয়েছে। এমএম/ |