মাদরাসার শিক্ষা ও প্রশিক্ষণ উন্নত করুন: দেওবন্দের মুহতামিম
প্রকাশ: ২৯ অক্টোবর, ২০২৬, ১২:২৯ দুপুর
নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মাদরাসার শিক্ষাব্যবস্থা ও শিক্ষার্থীদের প্রশিক্ষণের মান উন্নয়ন, প্রতিষ্ঠানগুলোর সুরক্ষা নিশ্চিত করা এবং বর্তমান পরিস্থিতি বিচক্ষণতা ও প্রজ্ঞার সঙ্গে মোকাবিলার আহ্বান জানিয়েছেন ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা মুফতি আবুল কাসেম নোমানি।

গত সোমবার দারুল উলুম দেওবন্দে অল ইন্ডিয়া রাবেতায়ে মাদারিসে ইসলামিয়া আরাবিয়ার কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের বার্ষিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাদরাসার দায়িত্বশীলদের উদ্দেশে মুফতি আবুল কাসেম নোমানি বলেন, প্রতিষ্ঠানগুলোর সুরক্ষা নিশ্চিত করতে হবে। ভবন ও জমির মালিকানা-সংক্রান্ত কাগজপত্র সঠিকভাবে সংরক্ষণ করতে হবে। সরকারি বিধিবিধান অনুযায়ী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের মাধ্যমে হিসাবপত্র নিরীক্ষা করাতে হবে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের এমন শিক্ষা ও প্রশিক্ষণ দিতে হবে, যাতে তাদের জীবন সুন্দরভাবে গড়ে ওঠে। মাদরাসার দায়িত্বশীলদের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখতে হবে। পাশাপাশি দেশবাসীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা এবং মানবসেবামূলক কাজে অংশ নেওয়া জরুরি। পরিস্থিতি যেমনই হোক, তা পূর্ণ সচেতনতা ও প্রজ্ঞার সঙ্গে মোকাবিলা করতে হবে।

সভায় দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন ও জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সাইয়্যেদ আরশাদ মাদানি বলেন, স্বাধীনতার পর থেকে মুসলমানদের বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয়েছে। বর্তমান সময়কে মুসলমান ও মাদরাসাগুলোর জন্য কঠিন উল্লেখ করে তিনি বলেন, পূর্বসূরি আলেমরা সব সময় পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করেছেন।

মাওলানা আরশাদ মাদানি বলেন, ১৮৬৬ সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য ছিল এমন যোগ্য মানুষ তৈরি করা, যাঁরা দেশের স্বাধীনতা, ঐক্য-সংহতি এবং উন্নয়ন-অগ্রগতিতে ভূমিকা রাখবেন।

সভায় রাবেতায়ে মাদারিসের বিগত কার্যক্রম ও বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। এতে বিভিন্ন রাজ্যের কার্যক্রম পর্যালোচনা করা হয়। পরে কার্যনির্বাহী পরিষদের নির্ধারিত আলোচ্যসূচি নিয়ে আলোচনা শুরু হয়।

সভায় ভারতের বিভিন্ন রাজ্যের আলেম, মাদরাসার দায়িত্বশীল এবং দারুল উলুম দেওবন্দের শিক্ষকরা অংশ নেন। সকাল সাড়ে ৯টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সভার প্রথম অধিবেশন শুরু হয়। অধিবেশন শেষ হয় সভাপতির দোয়ার মাধ্যমে। সূত্র: ইউএনএ নিউজ

 এমএম/