
|
এ সপ্তাহে হারামাইনে জুমার খুতবা দেবেন যে দুই ইমাম
প্রকাশ:
২৯ অক্টোবর, ২০২৬, ১২:৪৯ দুপুর
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীতে আগামীকাল শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজের ইমামতি ও খুতবা দেবেন দুই বিশিষ্ট আলেম ও শায়খ। তাঁরা হলেন ড. উসামা খাইয়াত ও শায়খ ড. আবদুল বারি সুবাইতি। সৌদি আরবের ধর্মবিষয়ক কর্তৃপক্ষের ঘোষণার বরাতে জানা গেছে, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি মোতাবেক ৩০ অক্টোবর মক্কার মসজিদুল হারামে ইমামতি ও খুতবা দেবেন শায়খ ড. উসামা খাইয়াত। অন্যদিকে মদিনার মসজিদে নববীতে এ দায়িত্ব পালন করবেন শায়খ ড. আবদুল বারি সুবাইতি। শায়খ ড. উসামা বিন আবদুল্লাহ খাইয়াত সৌদি আরবের মক্কায় জন্মগ্রহণ করেন। তাঁর বাবা শায়খ আবদুল্লাহ খাইয়াতও মসজিদুল হারামের ইমাম ও খতিব ছিলেন। বাবার কাছে কুরআন হিফজ করেন তিনি। পরে মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে শরিয়াহ বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৪১৮ হিজরি মোতাবেক ১৯৯৭ সালে মসজিদুল হারামের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পান। পাশাপাশি উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন এবং সৌদি আরবের শুরা কাউন্সিলের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ইসলামি জ্ঞানচর্চা ও ধর্মীয় শিক্ষায় তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। শায়খ ড. আবদুল বারি বিন আওয়াদ সুবাইতি সৌদি আরবের মক্কায় জন্মগ্রহণ করেন। শৈশবেই কুরআন হিফজ করেন এবং পবিত্র মসজিদুল হারামে ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন। তিনি কিং আবদুল আজিজ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে শরিয়াহ বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। পরে মদিনার ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে ফিকহ বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন। কুরআন তেলাওয়াত ও হিফজে কৃতিত্বের পাশাপাশি তাঁর রয়েছে শিক্ষকতা ও ধর্মীয় নেতৃত্বের অভিজ্ঞতা। ১৯৯৪ সালে তিনি মসজিদে নববীর ইমাম ও খতিব হিসেবে নিযুক্ত হন। এর আগে মসজিদুল হারামেও ইমামতি করেছেন। বর্তমানে তিনি মদিনায় ধর্মীয় শিক্ষা ও দাওয়াতি কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন। সূত্র: ইসলামিক ইনফরমেশন এমএম/ |