
|
মাওলানা আরশাদ মাদানী অসুস্থ, দোয়া কামনা
প্রকাশ:
২৯ অক্টোবর, ২০২৬, ১২:৫৮ দুপুর
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক ভারতের জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি ও দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন মাওলানা সাইয়্যেদ আরশাদ মাদানী অসুস্থ। গত কয়েক দিন ধরে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছেন। এ অবস্থায় তাঁর অনুসারী, শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্ট সবার কাছে মাওলানা আরশাদ মাদানীর দ্রুত ও পূর্ণ সুস্থতা এবং দীর্ঘায়ুর জন্য বিশেষ দোয়ার আহ্বান জানানো হয়েছে। মাওলানা সাইয়্যেদ আরশাদ মাদানী ১৯৪১ সালে জন্মগ্রহণ করেন। তিনি উপমহাদেশের প্রখ্যাত আলেম, হাদিসবিশারদ ও ইসলামি চিন্তাবিদ। তাঁর পিতা শাইখুল ইসলাম মাওলানা সাইয়্যেদ হোসাইন আহমদ মাদানী (রহ.) ছিলেন উপমহাদেশের অন্যতম প্রভাবশালী আলেম। শৈশবে কুরআন হিফজের পর তিনি দারুল উলুম দেওবন্দে পড়াশোনা করেন এবং ১৯৬৩ সালে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। পরবর্তী সময়ে শিক্ষকতা ও শিক্ষা ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৮২ সালে দারুল উলুম দেওবন্দে মুহাদ্দিস হিসেবে যোগ দেন এবং ১৯৯৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটির শিক্ষা সচিবের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির সদরুল মুদাররিসিন হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৮৪ সালে জমিয়তে উলামায়ে হিন্দের কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে তাঁর সাংগঠনিক ও রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয়। ২০০৬ সালে তিনি সংগঠনটির সভাপতি নির্বাচিত হন। ধর্মীয় শিক্ষা বিস্তার, গবেষণা, গ্রন্থ সম্পাদনা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও তাঁর অবদান রয়েছে। তিনি কুরআনের হিন্দি তাফসির রচনা, প্রাচীন ইসলামি গ্রন্থ সম্পাদনা এবং শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন। মাদানি চ্যারিটেবল ট্রাস্টের মাধ্যমে শিক্ষা ও মানবসেবামূলক কার্যক্রম পরিচালনায়ও ভূমিকা রেখেছেন। আন্তর্জাতিক বিভিন্ন ইসলামি সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি তিনি ভারতের ধর্মীয় ও শিক্ষাঙ্গনে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়ে আসছেন। সূত্র: ইউএন নিউজ এমএম/. |