হজ-ওমরাকারীদের সুবিধার্থে মক্কায় চালু হলো থার্ড রিং রোড
প্রকাশ: ২৯ অক্টোবর, ২০২৬, ০৪:৫৪ দুপুর
নিউজ ডেস্ক

সৌদি আববে পবিত্র হজ ও উমরা পালনকারীদের চলাচলের সুবিধার্থে মক্কায় চালু হয়েছে থার্ড রিং রোড। পবিত্র মক্কা শহর ও পবিত্রস্থানসমূহের জন্য গঠিত ‘দ্য রয়্যাল কমিশন’ এ প্রকল্প বাস্তবায়ন করেছে।

মক্কার চারপাশের চারটি গুরুত্বপূর্ণ চক্রাকার সড়কের অন্যতম ‘থার্ড রিং রোড’ সম্প্রসারণ ও সমাপনী প্রকল্পের নতুন অংশ যান চলাচলের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এই নতুন সড়কটি চালু হওয়ার ফলে মসজিদে হারাম এবং মিনায় শয়তানকে পাথর মারার স্থান ‘জামারাত’-এ পৌঁছানোর সময় প্রায় ৯০ শতাংশ পর্যন্ত কমে যাবে বলে আশা করা হচ্ছে।

এ প্রকল্পের প্রাথমিক সমীক্ষা ও সূচক থেকে দেখা গেছে, ব্যস্ত সময় (পিক আওয়ার) এবং হজ-উমরা মৌসুমে এই সড়ক ব্যবহারের ফলে মানুষের যাতায়াতের সময় ও ক্ষমতায় অভূতপূর্ব উন্নতি ঘটেছে। প্রিন্স মিতেব ইন্টারসেকশন থেকে গাড়িতে করে মসজিদে হারামের দিকে যাওয়া হজ ও উমরা যাত্রীদের দূরত্ব এখন ১৬.৫ কিলোমিটার থেকে কমে দাঁড়িয়েছে মাত্র ৬.৫ কিলোমিটারে। অন্যদিকে, জামারাত সুবিধার দিকে যাওয়ার দূরত্ব ১২ কিলোমিটার থেকে নেমে এসেছে মাত্র ৪ কিলোমিটারে।

এ ছাড়া উভয় মুখ মিলিয়ে এই আধুনিক সড়কে দৈনিক প্রায় ১ লাখ ৭০ হাজার যানবাহন সামলানোর সক্ষমতা রয়েছে। মক্কা নগরীর সড়ক নেটওয়ার্ক উন্নত করা, শহরের যাতায়াত ব্যবস্থা আরও সহজ করা, আশপাশের ব্যস্ত সড়কগুলোর ওপর যানজটের চাপ কমানো এবং বিশেষ করে হজ ও উমরা মৌসুমে অতিরিক্ত ট্রাফিক সামলাতে অবকাঠামোগত প্রস্তুতি জোরদার করার প্রচেষ্টার অংশ হিসেবে এই মেগা প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে।

 এমএম/