বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষায় নিবন্ধনের বিশেষ সুযোগ
প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২৬, ০৫:৩৩ বিকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) ৫০তম কেন্দ্রীয় পরীক্ষা-১৪৪৮ হিজরি/২০২৭ ঈসাব্দের নিবন্ধন সম্পন্ন করতে না পারা শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ দিয়েছে বোর্ড। আগামী ৪ নভেম্বর পর্যন্ত নিবন্ধনের এ সুযোগ পাওয়া যাবে। এরপর আর নিবন্ধনের সুযোগ থাকবে না বলে জানিয়েছে বেফাক।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেফাকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নিবন্ধনের মূল কার্যক্রম শেষ হলেও জন্মনিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত জটিলতা কিংবা অন্য কোনো কারণে যেসব শিক্ষার্থীর নিবন্ধন সম্পন্ন হয়নি, তারা এ বিশেষ সুযোগ নিতে পারবে। আগামী ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর ২০২৬ পর্যন্ত মোট সাত দিন পরীক্ষার নির্ধারিত ফি জমা দিয়ে নিবন্ধন সম্পন্ন করা যাবে।

এদিকে নিবন্ধিত পরীক্ষার্থীদের তথ্য যাচাই ও সংশোধন কার্যক্রমও চলমান রয়েছে। যেসব পরীক্ষার্থীর তথ্যে অসংগতি পাওয়া যাচ্ছে, সেগুলো সংশোধনের জন্য বোর্ড থেকে সংশ্লিষ্ট মাদরাসার অ্যাডমিন প্যানেলে ফেরত পাঠানো হচ্ছে। মাদরাসা কর্তৃপক্ষকে দ্রুত এসব তথ্য সংশোধন করে বোর্ডে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মুতাওয়াসসিতা, ইবতিদাইয়্যাহ ও হিফজুল কুরআন—এই তিন মারহালার যেসব পরীক্ষার্থীর জন্মনিবন্ধন বা এনআইডি এখনো প্রস্তুত হয়নি, তাদের জন্য বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে।

এ ক্ষেত্রে মাদরাসা কর্তৃপক্ষ মাদরাসা প্যানেলের ‘প্রয়োজনীয় ডকুমেন্ট’ অপশন থেকে নির্ধারিত অঙ্গীকারনামা ডাউনলোড করতে পারবে। পরীক্ষার্থীর প্রয়োজনীয় তথ্য পূরণ করে অভিভাবকের স্বাক্ষর এবং মাদরাসা কর্তৃপক্ষের সিল ও স্বাক্ষরসহ অঙ্গীকারনামাটি নিবন্ধনের সময় অনলাইন সফটওয়্যারে আপলোড করতে হবে। এভাবে নিবন্ধন সম্পন্ন করা যাবে।

তবে অঙ্গীকারনামার মাধ্যমে নিবন্ধিত শিক্ষার্থীদের দ্রুত অনলাইন জন্মনিবন্ধন বা এনআইডি তৈরি করতে হবে। পরে এর কপি আগামী ১৫ রজব ১৪৪৮ হিজরির মধ্যে বেফাকের অফিস অ্যাডমিনের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন, তথ্য সংশোধন ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট মাদরাসা ও পরীক্ষার্থীদের সহযোগিতা কামনা করেছে বেফাক কর্তৃপক্ষ।

 এমএম/