
|
দামেস্কের ঐতিহাসিক মসজিদে ১৫ বছর পর জুমার নামাজ আদায়
প্রকাশ:
০৭ নভেম্বর, ২০২৬, ০৮:৫১ সকাল
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক দীর্ঘ ১৫ বছর পর সিরিয়ার রাজধানী দামেস্কের ঐতিহাসিক সোলাইমানিয়া মসজিদে প্রথমবারের মতো নিয়মিত জুমার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। দীর্ঘদিনের সংঘাত, ধ্বংসযজ্ঞ ও সংস্কারকাজ শেষে শুক্রবার (৬ নভেম্বর) মসজিদটি মুসল্লিদের জন্য খুলে দেওয়া হয়। ষোড়শ শতকে উসমানীয় সুলতান সুলায়মান দ্য ম্যাগনিফিসেন্টের শাসনামলে নির্মিত ঐতিহাসিক এ মসজিদটি ২০১১ সালে শুরু হওয়া সিরিয়ার যুদ্ধের সময় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর দীর্ঘ সময় ধরে চলে মসজিদটির সংস্কার ও পুনরুদ্ধারকাজ। ১৫ বছর পর মসজিদে জুমার নামাজ আদায়ের খবরে স্থানীয় মুসল্লিদের মধ্যে আনন্দ ও আবেগের সৃষ্টি হয়। এদিন মসজিদের মূল নামাজকক্ষ ও আঙিনায় বিপুলসংখ্যক মুসল্লি সমবেত হয়ে জুমার নামাজে অংশ নেন। দীর্ঘ দেড় দশক পর মুসল্লিদের পদচারণায় মুখর হয়ে ওঠে মসজিদটির প্রাঙ্গণ। এ সময় অনেকের চোখে ছিল আনন্দাশ্রু, আর হৃদয়ে ছিল দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয় ইবাদতস্থানে ফিরে আসার কৃতজ্ঞতা। যুদ্ধের ক্ষত ও ধ্বংসস্তূপ পেরিয়ে ঐতিহাসিক মসজিদটির পুনরুদ্ধারকে দামেস্কের মানুষের কাছে কেবল একটি স্থাপনার সংস্কার নয়, বরং শান্তি, স্বাভাবিক জীবনে প্রত্যাবর্তন ও নতুন আশার প্রতীক হিসেবে দেখা হচ্ছে। সূত্র: ইসলাম ডিজিটাল আইও/ |