সিলেটে মেয়র প্রার্থী ঘোষণা করলেন পীর সাহেব চরমোনাই
প্রকাশ: ০৭ নভেম্বর, ২০২৬, ০৯:২৭ সকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে হাতপাখা প্রতীকের প্রার্থী হিসেবে মুফতি আবু তাহের মিসবাহর নাম ঘোষণা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে সিলেট জেলা পরিষদ অডিটোরিয়ামে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

এ সময় মুফতি রেজাউল করীম বলেন, ‘মুফতি আবু তাহের মিসবাহ আপনাদের সিলেটের কৃতী সন্তান। শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর পুণ্যভূমিতে তাঁর মতো একজন যোগ্য উত্তরসূরি নগর উন্নয়নের জন্য অগ্রাধিকার পাওয়ার দাবি রাখেন।’

সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মাওলানা বদরুল ইসলাম। সাধারণ সম্পাদক শরাফত উল্লাহ আরফানের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুফতি মানসুর আহমদ সাকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মুফতি সাঈদ আহমদ, মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট জেলা সভাপতি মো. সিদ্দিকুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি মুহাম্মদ জাকাওয়াত চৌধুরী পাশা ও জেলা সভাপতি মুহাম্মদ মোরশেদ আহমদ চৌধুরীসহ জেলা ও মহানগর পর্যায়ের নেতারা।

মুফতি আবু তাহের মিসবাহ ১৯৯৫ সালের ৪ সেপ্টেম্বর সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের পশ্চিম তিলাপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মরহুম হাজী আব্দুল মালিক এবং মা মুছা. রহিমা বেগম।

আবু তাহের মিসবাহ ইসলামী ও সাধারণ—উভয় ধারার শিক্ষায় শিক্ষিত। নিজ এলাকায় প্রাথমিক শিক্ষা সম্পন্ন করার পর তিনি কওমি মাদরাসা থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। পাশাপাশি সিলেটের মদনমোহন কলেজ থেকে বিএসএস (অনার্স), সিলেট সরকারি আলিয়া মাদরাসা থেকে ফাজিল ও ফিকহ বিভাগে কামিল ডিগ্রি অর্জন করেন।

তিনি সিলেট নগরীর জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার মাদরাসা, মদনমোহন কলেজ ও সিলেট সরকারি আলিয়া মাদরাসায় অধ্যয়ন করেন।

রাজনৈতিক জীবনে আবু তাহের মিসবাহ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের তৃণমূল পর্যায় থেকে উঠে এসেছেন। সংগঠনটির ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে বিভিন্ন দায়িত্ব পালনের মধ্য দিয়ে তাঁর সাংগঠনিক পথচলা শুরু হয়। পরবর্তী সময়ে তিনি সিলেট মহানগর ও জেলা শাখার সভাপতি এবং কেন্দ্রীয় সাংগঠনিক উপসম্পাদকের দায়িত্ব পালন করেন।

পরে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি সংগঠনটির সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।

শিক্ষাজীবন শেষে তিনি সিলেট নগরীর বিভিন্ন মাদরাসা ও স্কুলে শিক্ষকতা করেন। বর্তমানে গ্রাফিকস ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট ও ডিজিটাল বিপণন খাতে ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন।

সিলেট সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে বসবাস করছেন তিনি। শিক্ষকতা ও ব্যবসার পাশাপাশি বিভিন্ন মসজিদ, মাদরাসা এবং সমাজসেবামূলক সংগঠনের সঙ্গে তাঁর সম্পৃক্ততা রয়েছে। তিনি সংগঠক, শিক্ষক ও ব্যবসায়ী হিসেবে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন।

আইও/