
|
২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা বাড়ল ৫ হাজার
প্রকাশ:
১০ নভেম্বর, ২০২৬, ১০:৪২ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক ২০২৭ সালের হজে বাংলাদেশের জন্য আরও ৫ হাজার কোটা বরাদ্দ দিয়েছে সৌদি আরব। নতুন এই বরাদ্দের ফলে আগামী বছর বাংলাদেশ থেকে মোট ৮৩ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন। এর আগে বাংলাদেশের জন্য নির্ধারিত কোটা ছিল ৭৮ হাজার ৫০০ জন। সোমবার (৯ নভেম্বর) সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরের পর এ তথ্য জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত দ্বিপক্ষীয় চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন। সৌদি আরবের পক্ষে স্বাক্ষর করেন দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের হজ ব্যবস্থাপনার অগ্রগতি নিয়ে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা করেন ধর্মমন্ত্রী। এ সময় বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে আরও ৫ হাজার হজযাত্রীর কোটা বরাদ্দ দেওয়া হয়। এতে আগামী বছরের হজে বাংলাদেশের মোট কোটা দাঁড়িয়েছে ৮৩ হাজার ৫০০ জনে। এর আগে ২০২৭ সালের হজে বাংলাদেশের জন্য ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারণ করেছিল সৌদি আরব। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭২ হাজার ৫০০ জনের হজ পালনের সুযোগ ছিল। নিবন্ধনের চাহিদা বিবেচনায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অতিরিক্ত ২০ হাজার হজযাত্রীর কোটা চেয়ে আবেদন করা হয়েছিল। ধর্মমন্ত্রী জানান, হজ কোটা নির্ধারণের ক্ষেত্রে সৌদি আরবের মীনায় তাঁবুর ধারণক্ষমতার সীমাবদ্ধতার বিষয়টি আলোচনায় আসে। তবে এ সীমাবদ্ধতার মধ্যেও সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী আশ্বস্ত করেছেন, অন্য কোনো দেশ তাদের বরাদ্দ করা কোটা অনুযায়ী হজযাত্রী পাঠাতে না পারলে কিংবা কোনো দেশের কোটা বাতিল হলে সেই কোটা অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে দেওয়ার বিষয়টি আন্তরিকতার সঙ্গে বিবেচনা করা হবে। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীর প্রতিশ্রুতির কথা তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, ‘তোমাদের (বাংলাদেশের) জন্য যা করার দরকার আমরা করব।’ কোটা বৃদ্ধি ও সার্বিক সহযোগিতার জন্য সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান ধর্মমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার হজ ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও সেবামুখী করতে কাজ করছে। এদিকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছিল গত ২৭ জুলাই। নিবন্ধনের শেষ সময় ছিল ২৪ সেপ্টেম্বর। সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় হজে যেতে আগ্রহীদের প্রাথমিক নিবন্ধনের জন্য ৩ লাখ ৫০ হাজার টাকা জমা দিতে হয়েছে। প্রাথমিক নিবন্ধন সম্পন্নকারীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্যাকেজের অবশিষ্ট টাকা পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। আগামী বছরের হজের জন্য সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে প্যাকেজ-১-এর মূল্য ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং প্যাকেজ-২-এর মূল্য ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৫ মে (৯ জিলহজ ১৪৪৮ হিজরি) পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশি হজযাত্রীদের সৌদি আরবগামী ফ্লাইট শুরু হওয়ার কথা ৮ এপ্রিল থেকে। আইও/ |