
|
জামিয়া আশরাফিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় আল-হাইআতুল উলয়ার উদ্বেগ
প্রকাশ:
১০ নভেম্বর, ২০২৬, ০২:৩১ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জের ফতুল্লায় সাইনবোর্ড-সংলগ্ন শান্তিধারা এলাকার জামিয়া আশরাফিয়া মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে কওমি মাদরাসার সর্বোচ্চ কর্তৃপক্ষ আল-হাইআতুল উলয়া লিল-জামি'আতিল কওমিয়া বাংলাদেশ। মঙ্গলবার (১০ নভেম্বর) আল-হাইআতুল উলয়ার অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমন উদ্বেগ প্রকাশ করে আহত শিক্ষার্থীদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ দ্রুত তদন্তের জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধও জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জের ফতুল্লায় সাইনবোর্ড-সংলগ্ন শান্তিধারা এলাকার জামিয়া আশরাফিয়া মাদরাসায় অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ধোঁয়ায় অসুস্থ হয়ে ৭৭ জন শিক্ষার্থী রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। সোমবার দিবাগত রাতে মাদরাসা ভবনের দ্বিতীয় তলার লাইব্রেরি কক্ষে আগুনের সূত্রপাত হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁরা নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন এবং একজনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। শিক্ষার্থীরা আগুনে দগ্ধ হননি। ঘুমন্ত অবস্থায় ঘন ধোঁয়া শ্বাসের সঙ্গে গ্রহণ করায় তাঁরা শ্বাসকষ্টে আক্রান্ত হন। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাত আনুমানিক ১টা ৫৫ মিনিটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ৩টা ৪৩ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সময় মাদরাসাটিতে প্রায় ১ হাজার ৪০০ শিক্ষার্থী অবস্থান করছিলেন। মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতায় অংশ নেন। ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে, বৈদ্যুতিক শর্টসার্কিট বা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সংস্থাটি। বিজ্ঞপ্তিতে দেশের সব আবাসিক কওমি মাদরাসাকে বৈদ্যুতিক লাইন, অগ্নিনির্বাপণ সরঞ্জাম ও জরুরি বহির্গমন পথ পরীক্ষা করার আহ্বান জানানো হয়। উদ্ধার তৎপরতায় অংশ নেওয়া ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে আল-হাইআতুল উলয়া। আহত শিক্ষার্থীদের সুস্থতার জন্য দেশের কওমি মাদরাসাসহ সবার কাছে দোয়ার আহ্বানও জানানো হয়েছে। আইও/ |