সিলেটে বৃহস্পতিবার শুরু হচ্ছে আঞ্জুমানের ১০ সালা দস্তারবন্দী সম্মেলন
প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৬, ০৩:৫১ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

সিলেটের আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশের উদ্যোগে তিন দিনব্যাপী ৫ম দশসালা দস্তারবন্দি মহাসম্মেলন শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার (১২ নভেম্বর)। সিলেটের গোটাটিকর (ষাটঘর) আঞ্জুমান কমপ্লেক্সে ১২, ১৩ ও ১৪ নভেম্বর বৃহস্পতি, শুক্র ও শনিবার এ মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলন উপলক্ষে ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, দেশ-বিদেশের বরেণ্য ওলামা-মাশায়েখ, কারী, ইসলামি স্কলার ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে সম্মেলনটি মিলনমেলায় পরিণত হবে।

মহাসম্মেলনে আঞ্জুমান বোর্ডের অধীনে গত ১০ বছরে কিরাতের সর্বোচ্চ স্তরের সনদ অর্জনকারী প্রায় ২০ হাজার শিক্ষার্থীকে (পুরুষ ও নারী) সম্মাননা প্রদান করা হবে। এ উপলক্ষে পুরুষ শিক্ষার্থীদের পাগড়ি এবং নারী শিক্ষার্থীদের ওড়নাসহ বিশেষ উপহারসামগ্রী দেওয়া হবে।

সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের দারুল উলুম দেওবন্দের কিরাত বিভাগের প্রধান মাওলানা কারী আব্দুর রউফ বুলন্দশহরী, পশ্চিমবঙ্গ সরকারের সাবেক গণশিক্ষা ও গ্রন্থাগারমন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী, আওলাদে রাসুল সায়্যিদ আবু বকর সিদ্দিক মনসুরপুরী, দারুল উলুম হাটহাজারী মাদরাসার কিরাত বিভাগের প্রধান মাওলানা কারী জহিরুল হক, ভারতের দারুল হাদিস আশরাফুল উলুম আসামের কিরাত বিভাগের প্রধান মাওলানা কারী আবু মুহাম্মদ আসাদ এবং ত্রিপুরার কারী মুফতি মুফিজুল ইসলামসহ দেশ-বিদেশের বিশিষ্ট কারী ও আলেমরা।

তিন দিনব্যাপী এ আয়োজনে দেশ-বিদেশের বরেণ্য ওলামা-মাশায়েখ, ইসলামি স্কলার ও বিশিষ্ট ব্যক্তিরা নসিহত পেশ করবেন। পাশাপাশি বিখ্যাত কারীদের কণ্ঠে কুরআন তেলাওয়াত অনুষ্ঠিত হবে। এতে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত থাকবেন।

প্রসঙ্গত, সর্বস্তরের মানুষের মধ্যে বিশুদ্ধ কুরআন শিক্ষা বিস্তারের লক্ষ্যে ১৯৮২ সালে শায়খুল কুররা মাওলানা আলী আকবর সিদ্দিক (রহ.)—পীরসাহেব ভানুগাছী—আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি দেশব্যাপী কুরআন শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতি বছর পবিত্র রমজান মাসে এ সংগঠনের মাধ্যমে লাখো শিক্ষার্থী কুরআন শিক্ষা গ্রহণ করেন।

বর্তমানে সারা দেশে প্রায় দুই হাজার শাখাকেন্দ্রে রমজানভিত্তিক কুরআন শিক্ষার কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশেও সংগঠনটির কার্যক্রম বিস্তৃত হয়েছে। এ ছাড়া প্রতি বছর সংগঠনটির প্রধান কেন্দ্র আঞ্জুমান কমপ্লেক্স, গোটাটিকরে প্রায় এক হাজার শিক্ষার্থী কুরআনের তালিম গ্রহণ করেন।

মহাসম্মেলন সফল ও সার্থকভাবে সম্পন্ন করতে দেশবাসীর কাছে দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশের সাধারণ সম্পাদক ও সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্যসচিব মাওলানা কারী ইমদাদুল হক নোমানী।

আইও/