অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে সরকার
প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৬, ০৪:০৫ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের চিকিৎসায় দুটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এসব বোর্ডে ১৩ থেকে ১৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে গিয়ে এ তথ্য জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা বিনামূল্যে করা হচ্ছে। দুটি মেডিকেল বোর্ডের মাধ্যমে প্রত্যেক রোগীকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় শিক্ষার্থীদের শ্বাসনালিতে বড় ধরনের ক্ষতি হয়েছে। তাদের শ্বাসকষ্ট হচ্ছিল। ভবনটির দোতলায় লাইব্রেরি ও প্রশাসনিক অংশ ছিল। সেখান থেকে আগুনের সূত্রপাত হওয়ায় ওপরের তলাগুলোতে থাকা শিক্ষার্থীরা ধোঁয়ায় আক্রান্ত হন। আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টার কারণে শ্বাসনালির ক্ষতির পাশাপাশি অনেকে মানসিক ট্রমারও শিকার হয়েছেন।

চিকিৎসার অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা শুরু থেকেই অত্যন্ত যত্নসহকারে শিক্ষার্থীদের চিকিৎসা দিচ্ছেন। অনেকেই মোটামুটি সুস্থ হয়ে উঠছেন। আশা করছি, আজ সন্ধ্যা বা রাতের মধ্যে আরও প্রায় ৩০ জনকে ছাড়পত্র দেওয়া সম্ভব হবে। বাকিরাও এখন পর্যন্ত ভালো আছেন।

আইসিইউতে থাকা চার শিক্ষার্থীর বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, তাদের যথাযথভাবে নিবিড় পরিচর্যা করা হচ্ছে। আশা করা হচ্ছে, তাঁরাও সুস্থ হয়ে উঠবেন।

এ ধরনের অগ্নিকাণ্ড প্রতিরোধে সচেতনতার ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, অনেক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা নিজেরাই বাসা ভাড়া নিয়ে হোস্টেল তৈরি করেন। কিন্তু ভবনটি যে উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছে, সেটি অন্য কাজে ব্যবহার করা হচ্ছে কি না, তা বিবেচনায় নেওয়া জরুরি।

তিনি বলেন, ভবন নির্মাণ ও ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট বিধিমালা রয়েছে। অনেক সময় আবাসিক ভবনকে হোটেল, রেস্তোরাঁ কিংবা বাণিজ্যিক কাজে ব্যবহার করা হয়। মাদরাসার ভবনটির ক্ষেত্রেও এমন পরিস্থিতি থাকতে পারে। হয়তো ভবনটি মাদরাসার জন্য নির্মিত হয়নি; বরং বাসাবাড়ি বা অন্য কোনো উদ্দেশ্যে নির্মিত ভবনকে মাদরাসা হিসেবে ব্যবহার করা হয়েছে।

এ বিষয়ে ভবন নির্মাণ ও ব্যবহারের বিধিমালা এবং প্রয়োজনীয় নীতিগত পরিবর্তনের দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি বিশেষায়িত বার্ন চিকিৎসাসেবা ঢাকার বাইরে বিকেন্দ্রীকরণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে মাদরাসার প্রশাসনিক অংশ ও লাইব্রেরিতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এসএইচ/