
|
জামিয়া আশরাফিয়ার অগ্নিকাণ্ডে ব্যথিত আমিরে মজলিস, জানালেন সমবেদনা
প্রকাশ:
১০ নভেম্বর, ২০২৬, ০৪:১২ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড-সংলগ্ন শান্তিধারায় অবস্থিত জামিয়া আশরাফিয়া মাদরাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং মাদরাসার ক্ষতি কাটিয়ে উঠতে সবার সহযোগিতা কামনা করেছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। পোস্টে মাওলানা মামুনুল হক বলেন, জামিয়া আশরাফিয়া কেবল একটি মাদরাসা নয়; দেশের দ্বীনি শিক্ষা, ইলমচর্চা ও আলেম তৈরির ক্ষেত্রে প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষার ফলাফলও প্রতিষ্ঠানটির কৃতিত্বের স্বাক্ষর বহন করে। অগ্নিকাণ্ডে মাদরাসার দ্বিতীয় তলার লাইব্রেরির কোটি টাকার মূল্যমানের কিতাব পুড়ে যাওয়ার ঘটনায় গভীর মর্মবেদনা প্রকাশ করে তিনি বলেন, জ্ঞানচর্চার এমন একটি সমৃদ্ধ ভাণ্ডারের ক্ষতি নিঃসন্দেহে অপূরণীয়। আহত শিক্ষার্থীদের বিষয়ে তিনি জানান, সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৭৭ জন শিক্ষার্থীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। কয়েকজন আইসিইউতে চিকিৎসাধীন এবং একজনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। মাওলানা মামুনুল হক আহত শিক্ষার্থীদের দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করে বলেন, মহান আল্লাহ যেন তাঁদের হেফাজত করেন এবং তাঁদের পরিবার-পরিজন ও শিক্ষকদের ধৈর্য ধারণের তাওফিক দান করেন। ক্ষয়ক্ষতি কাটিয়ে জামিয়া আশরাফিয়া আবারও ইলমচর্চার প্রাণকেন্দ্র হিসেবে স্বমহিমায় এগিয়ে যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহত শিক্ষার্থীদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করা, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি। পোস্টের শেষাংশে মাদরাসার মুহতামিম, শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক সমবেদনা ও সংহতি প্রকাশ করেন মাওলানা মামুনুল হক। এসএইচ/ |