
|
গণভোটের রায় উপেক্ষা করলে মানুষ আবার রাজপথে নামবে: আমিরে মজলিস
প্রকাশ:
১১ নভেম্বর, ২০২৬, ০৮:৪৮ সকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক গণভোটের রায় ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা উপেক্ষা করা হলে জনগণ আবারও রাজপথে নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, দেশের ৭০ শতাংশ মানুষের ভোটে প্রকাশিত গণরায়ের অধিকার আদায় না হওয়া পর্যন্ত বাংলাদেশ খেলাফত মজলিসের আন্দোলন অব্যাহত থাকবে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে রাজধানীর কামরাঙ্গীরচরের খোলামোড়া ঘাট (টেম্পু স্ট্যান্ড) এলাকায় বাংলাদেশ খেলাফত মজলিস কামরাঙ্গীরচর থানা শাখা আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়। মাওলানা মামুনুল হক বলেন, দেশের উৎপাদন খাত ক্রমাগত সংকুচিত হচ্ছে। উৎপাদন কমে যাওয়ায় শিল্পপ্রতিষ্ঠানের স্থায়ী ব্যয় অপরিবর্তিত থাকছে, ফলে প্রতিটি পণ্যের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। এভাবে দেশের অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে। তেল, গ্যাস ও বিদ্যুৎ খাতের দায়িত্বশীলদের ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে। দেশের স্বার্থ রক্ষার পরিবর্তে কেউ কেউ পার্শ্ববর্তী দেশের স্বার্থে কাজ করছেন কি না, সে আশঙ্কাও তৈরি হয়েছে। এতে দেশের পোশাকশিল্প ও বৈদেশিক মুদ্রা অর্জনের সক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে। তিনি বলেন, সিন্ডিকেট ও অনিয়মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য রাষ্ট্র সংস্কার জরুরি ছিল। কিন্তু সরকার সংবিধান সংস্কারের উদ্যোগ বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে। রাষ্ট্রের সব ক্ষমতা একজন ব্যক্তির হাতে কেন্দ্রীভূত না রেখে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করতে হবে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে প্রধান বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় কমিশন গঠনেরও দাবি জানান তিনি। পুলিশ ও প্রশাসনের ভূমিকা তুলে ধরে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, পুলিশ কোনো রাজনৈতিক দলের বাহিনী নয়; পুলিশ হবে জনগণের সেবক ও রাষ্ট্রের প্রতিষ্ঠান। পুলিশ ও প্রশাসনকে দলীয়করণমুক্ত করতে হবে। সরকারি নিয়োগে মেধা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে স্বাধীন সরকারি কর্ম কমিশন (পিএসসি) গঠন করতে হবে। জুলাই বিপ্লব-পরবর্তী প্রত্যাশা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বিপ্লবের পর মানুষ ইনসাফ ও ন্যায়বিচার প্রত্যাশা করেছিল। কিন্তু শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড এবং হত্যাকারীদের দেশত্যাগের ঘটনা দেশের আইনশৃঙ্খলা ও বিচারব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে। সব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে ভারতের সঙ্গে যথাযথ কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। বিএনপির আগের রাজনৈতিক অঙ্গীকারের প্রসঙ্গ টেনে মামুনুল হক বলেন, দলটির ৩১ দফার অন্যতম প্রধান বিষয় ছিল সংবিধান সংস্কার। অথচ ক্ষমতায় আসার পর সেই অঙ্গীকার বাস্তবায়নে অনীহা দেখা যাচ্ছে। জনগণের সংস্কারের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করা হলে তার পরিণতি ভালো হবে না। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জনগণের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস বিভিন্ন নির্বাচনী এলাকায় প্রার্থী দিচ্ছে। এরই অংশ হিসেবে কামরাঙ্গীরচরের ৫৫ নম্বর ওয়ার্ডে দলের মনোনীত প্রার্থী হিসেবে হাফেজ সাইদুর রহমান শাহিনের নাম ঘোষণা করেন তিনি। এ সময় তাঁকে এলাকাবাসীর সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে মামুনুল হক বলেন, জনগণ তাঁকে প্রতিনিধি নির্বাচিত করলে এলাকার মানুষের অধিকার ও স্বার্থ রক্ষায় কাজ করবেন। তিনি আরও বলেন, বিদেশি আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করা এবং দেশে প্রকৃত ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে দলের মেয়র পদপ্রার্থী কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মাহবুবুল হকের পক্ষেও এলাকাবাসীর সমর্থন কামনা করেন তিনি। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস কামরাঙ্গীরচর থানা শাখার সভাপতি মুফতি খায়রুজ্জামান হুজাইফী। সঞ্চালনা করেন ৫৫ নম্বর ওয়ার্ড সভাপতি মাওলানা কামরুজ্জামান রাহমানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নায়েবে আমির ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী মাওলানা মাহবুবুল হক, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল ও মাওলানা আবুল হাসানাত জালালী, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ছানাউল্লাহ আমিনী, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ রাকীবুল ইসলাম, সহসভাপতি মাওলানা ইমদাদ আশরাফ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু হানিফ নোমান, যুব মজলিসের সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোশতাক আহমদ এবং যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে সদস্য মোহাম্মদ রাশেদ প্রমুখ। আইও/ |