অগ্নিকাণ্ড: জামিয়া আশরাফিয়ার পাশে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ
প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৬, ০৩:০৯ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের সাইনবোর্ডে অবস্থিত জামিয়া আশরাফিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে মাদরাসা কর্তৃপক্ষের হাতে নগদ ১ লাখ টাকা অনুদান তুলে দিয়েছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ। একই সঙ্গে মাদরাসার পুনর্বাসন ও ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন সংগঠনটির নেতারা।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুফতী মিজানুর রহমান সাঈদের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল জামিয়া আশরাফিয়া পরিদর্শন করেন। এ সময় প্রতিনিধিদলে ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতী রেজাউল করীম আবরার, কেন্দ্রীয় নেতা মুফতী হেদায়েতুল্লাহ আজাদী ও মুফতী উমর ফারুক ইবরাহীমীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে প্রতিনিধিদলের সদস্যরা মাদরাসার সার্বিক পরিস্থিতি ও অগ্নিকাণ্ডে সৃষ্ট ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন। তারা মাদরাসার দায়িত্বশীল উস্তাদদের প্রতি গভীর সমবেদনা জানান এবং ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় মাদরাসা কর্তৃপক্ষের হাতে নগদ ১ লাখ টাকা অনুদান তুলে দেওয়া হয়।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সংগঠনের নেতারা। তারা বলেন, দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো জাতির ঈমান-আমল, নৈতিকতা ও দ্বীনি শিক্ষার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জামিয়া আশরাফিয়ার মতো একটি দ্বীনি প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত দুঃখজনক। এমন দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও দ্বীনি দায়িত্ব। আমরা চাই, দ্রুত ক্ষয়ক্ষতি কাটিয়ে মাদরাসাটিতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালু হোক।

তারা আরও বলেন, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর অগ্নিনিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি সংকটের সময়ে দ্বীনি প্রতিষ্ঠানগুলোর পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও সচেতন মানুষের প্রতি আহ্বান জানান তারা।

আইও/