
|
‘আমি মুসলিম নই, তবু চাই খেলাফত ফিরে আসুক’
প্রকাশ:
১১ নভেম্বর, ২০২৬, ০৩:২০ দুপুর
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক মুসলিম শাসনামলে ইহুদি ও মুসলমানদের মধ্যে দীর্ঘদিনের সহাবস্থান, পারস্পরিক সহযোগিতা এবং ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষার নানা ঐতিহাসিক নজির তুলে ধরেছেন ইহুদি ধর্মীয় নেতা রাব্বি হাইম সোফার। নিজের পারিবারিক স্মৃতিচারণ করে তিনি বলেছেন, মুসলিম প্রতিবেশীরা ইহুদিদের ধর্মীয় উৎসবেও পাশে দাঁড়াতেন। এমনকি পাসওভার উৎসব উপলক্ষে তাঁদের পরিবারের জন্য ভেড়া ও বিভিন্ন খাদ্যসামগ্রী উপহার দিতেন প্রতিবেশী মুসলমানরা। ইহুদি হয়েও মুসলিম শাসনব্যবস্থার ঐতিহাসিক অভিজ্ঞতার প্রতি নিজের ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করে সোফার বলেন, ‘আমি মুসলিম নই। কিন্তু আমি চাই, খেলাফত আবার ফিরে আসুক।’ হাইম সোফার একজন অর্থোডক্স ইহুদি রাব্বি। তিনি জায়নবাদী জাতীয়তাবাদের সমালোচক এবং ফিলিস্তিনপন্থী হিসেবে পরিচিত। সম্প্রতি তাঁর একটি অডিও সাক্ষাৎকার প্রকাশ করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। সাক্ষাৎকারটির বিষয়বস্তু ছিল ইসরায়েল, তৃতীয় উপাসনালয় এবং ইহুদি-মুসলিম সম্পর্কের হারিয়ে যাওয়া ইতিহাস। এ ছাড়া যুক্তরাজ্যভিত্তিক ওয়েবসাইট ইসলাম২১সি তাঁর বক্তব্য ও অভিজ্ঞতা নিয়ে ‘রাব্বি গিভস অ্যান ইসলামিক হিস্ট্রি লেসন’ শিরোনামে একটি নিবন্ধ প্রকাশ করে। সোফার নিজের পরিবারের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেন, তাঁদের পরিবার ছিল ইরাকের বাগদাদের ইহুদি পরিবার। মুসলিম প্রতিবেশীদের সঙ্গে তাঁদের সম্পর্ক ছিল অত্যন্ত আন্তরিক। ইহুদিদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব পাসওভার বা পেসাখ উপলক্ষে প্রতিবেশী মুসলমানেরা তাঁদের পরিবারের জন্য একটি ভেড়া নিয়ে আসতেন। শুধু ভেড়াই নয়, আলু, খেজুর, শসা, টমেটোসহ বিভিন্ন খাদ্যসামগ্রীও উপহার দিতেন তাঁরা। পাসওভার উৎসব মিসর থেকে বনি ইসরাইলের মুক্তির স্মরণে পালন করেন ইহুদিরা। উৎসবটি ঘিরে বিশেষ খাবার ও পারিবারিক আয়োজন থাকে। সোফারের ভাষ্য অনুযায়ী, উৎসবের ব্যয় অনেক বেশি হলেও মুসলিম প্রতিবেশীরা নিজেদের উদ্যোগেই তাঁদের পরিবারের জন্য এসব উপহার নিয়ে আসতেন। এতে দুই সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতার পরিচয় পাওয়া যায়। মুসলিম শাসনামলে ইহুদিদের প্রতি আচরণ প্রসঙ্গে সোফার জিজিয়া করের বিষয়টিও তুলে ধরেন। তাঁর বক্তব্য অনুযায়ী, দরিদ্র ইহুদিদের কাছ থেকে জিজিয়া আদায় করা হতো না। যাদের কর দেওয়ার সামর্থ্য ছিল না, তাঁদের ক্ষেত্রে কর মওকুফের পাশাপাশি কোনো কোনো সময় আর্থিক সহায়তাও দেওয়া হতো। ইসলামী শাসনব্যবস্থায় জিজিয়া ছিল অমুসলিম প্রজাদের ওপর আরোপিত একধরনের কর। এর বিনিময়ে রাষ্ট্রের অধীনে তাঁদের জীবন ও সম্পদের সুরক্ষার বিধান ছিল। তবে বিভিন্ন যুগ ও অঞ্চলে জিজিয়া আদায়ের নিয়ম ও প্রয়োগে পার্থক্য ছিল। সোফারের মতে, মুসলিম শাসনের বিভিন্ন সময়ে ইহুদিরা নিজেদের ধর্মীয় পরিচয় বজায় রেখে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ পেয়েছিলেন। বিশেষ করে আব্বাসীয় খেলাফতের সময় বাগদাদ ইহুদি ধর্মীয় শিক্ষা ও জ্ঞানচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়। সুরা ও পুম্বেদিতার মতো ইহুদি শিক্ষাকেন্দ্রগুলোর সঙ্গে বাগদাদের গুরুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। এ সময় ইহুদি সম্প্রদায়ের নেতৃত্বের সঙ্গে খলিফাদের দরবারেরও যোগাযোগ ছিল। অতীতের এই অভিজ্ঞতার পাশাপাশি মুসলিম বিশ্বের রাজনৈতিক ঐক্য নিয়েও নিজের মত প্রকাশ করেছেন সোফার। ইসলাম২১সির প্রতিবেদন অনুযায়ী, তিনি মরক্কো থেকে আফগানিস্তান পর্যন্ত বিস্তৃত একটি ঐক্যবদ্ধ ইসলামী কর্তৃপক্ষ বা খেলাফত প্রতিষ্ঠার পক্ষে মত দিয়েছেন। তাঁর মতে, এ ধরনের রাজনৈতিক ঐক্য আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং ফিলিস্তিনিদের সুরক্ষায় ভূমিকা রাখতে পারে। প্রথম বিশ্বযুদ্ধের সময়কার সাইকস-পিকো চুক্তিরও সমালোচনা করেন তিনি। তাঁর মতে, ঔপনিবেশিক শক্তিগুলোর সিদ্ধান্তে অটোমান খেলাফতের অবসান এবং মধ্যপ্রাচ্যের বিভাজন মুসলিম বিশ্বের ঐক্যকে দুর্বল করেছে। গাজায় ফিলিস্তিনিদের সুরক্ষা নিশ্চিত করতে মুসলিম নেতৃত্বাধীন শান্তিরক্ষী বাহিনী গঠনের পক্ষেও মত দিয়েছেন তিনি। সোফার যুক্তরাজ্যে বসবাসকারী অর্থোডক্স ইহুদি রাব্বি এবং জায়নবাদবিরোধী আন্দোলন নেটুরেই কার্তার সদস্য। ১৯৩৮ সালে জেরুজালেমে প্রতিষ্ঠিত এই আন্দোলন ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার জায়নবাদী ধারণার বিরোধিতা করে। সোফারের বাবা-মা ইরাকে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর বক্তব্য অনুযায়ী, জায়নবাদী সহিংসতার কারণে ১৯৫০-এর দশকের শুরুতে তাঁদের ফিলিস্তিনে চলে যেতে হয়েছিল। সোফারের জন্মও ফিলিস্তিনে। মুসলিম শাসনামলে ইহুদিদের জীবন নিয়ে সোফারের বক্তব্যে মূলত পারস্পরিক সম্প্রীতি, ধর্মীয় সহাবস্থান ও সামাজিক সহযোগিতার ইতিবাচক অভিজ্ঞতাগুলো উঠে এসেছে। তবে মুসলিম শাসনের বিভিন্ন যুগে সংখ্যালঘুদের অবস্থান এক রকম ছিল না। শাসক, অঞ্চল ও সময়ভেদে তাঁদের অধিকার ও সামাজিক অবস্থায় পরিবর্তন ঘটেছে। ফলে তাঁর বক্তব্যকে ইতিহাসের একটি ব্যক্তিগত অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি হিসেবে বিবেচনা করা যেতে পারে। সূত্র: আল-জাজিরা আইও/ |