বায়তুল মোকাররমে আজ কেরাত সম্মেলন, তেলাওয়াত করবেন ৭ দেশের কারী
প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৬, ১২:২৫ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘অষ্টম আন্তর্জাতিক কেরাত সম্মেলন-২০২৬’। আন্তর্জাতিক কেরাত সংস্থা বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে বাংলাদেশসহ সাত দেশের বিশ্বখ্যাত ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারীরা পবিত্র কোরআনের সুমধুর তেলাওয়াত পরিবেশন করবেন।

জাতীয় মসজিদের পূর্ব চত্বরে বাদ জোহর শুরু হয়ে সম্মেলনটি চলবে রাত ১০টা পর্যন্ত। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।

এবারের সম্মেলনে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও মিশর, আফগানিস্তান, পাকিস্তান, ইরান, ভারত ও দক্ষিণ আফ্রিকার খ্যাতিমান কারীরা অংশ নেবেন।

বিদেশি আমন্ত্রিত অতিথিদের মধ্যে রয়েছেন মিশরের প্রখ্যাত কারি শায়েখ আবদুন নাসের হারাক, আফগানিস্তানের শায়েখ কারি আবদুল কাবীর হায়দারী, পাকিস্তানের কারি আনোয়ারুল হাসান শাহ বোখারী, ইরানের শায়েখ কারি ওয়াহীদ খাজাইয়ী, ভারতের কারি হেদায়াতুল্লাহ ফুরকান রাজস্থানী এবং দক্ষিণ আফ্রিকার কারি ব্যারিস্টার যুবায়ের বারদাই। বাংলাদেশের পক্ষে তিলাওয়াত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি মাওলানা সাইদুল ইসলাম আসাদ। এ ছাড়া বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী হাফেজ ও কারি, দেশবরেণ্য আলেম-ওলামা, শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যক্তিরা সম্মেলনে অংশ নেবেন।

সম্মেলনে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকবেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুর উদ্দীন আহমেদ অপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন, রেলপথ ও সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং আন্তর্জাতিক ক্বিরাত সংস্থার হাওয়ারিয়্যীন পরিষদের সভাপতি আনোয়ার আলদীন।

আয়োজক সংস্থার সভাপতি আল্লামা কারি আবু রায়হান ও নির্বাহী সভাপতি মাওলানা সালাহউদ্দীন জাহাঙ্গীর সম্মেলনে যৌথ সভাপতিত্ব করবেন।

আইও/