
|
ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু
প্রকাশ:
১২ নভেম্বর, ২০২৬, ০৬:১৫ বিকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক পবিত্র কুরআনে কারিমের তেলাওয়াত এবং প্রখ্যাত আলেমে দীন আল্লামা আব্দুর রহমান হাফেজ্জী হুজুরের দোয়ার মধ্য দিয়ে ময়মনসিংহে শুরু হয়েছে নয় দিনব্যাপী ‘ময়মনসিংহ ইসলামি বইমেলা ২০২৬’। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে নগরীর টাউন হল প্রাঙ্গণে এ বইমেলার উদ্বোধন করা হয়। ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর পৃষ্ঠপোষকতায় এবং সীরাতকেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত এ মেলা চলবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে মেলা। এবারের বইমেলায় দেশের খ্যাতনামা ৫০টিরও বেশি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। বই প্রদর্শনী ও বিক্রির পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় আলেম, লেখক ও গবেষকদের অংশগ্রহণে থাকছে নানা আয়োজন। মেলার বিশেষ আকর্ষণ হিসেবে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টা নারীদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। ‘নারীপ্রহর’ নামের এ পর্বে নারীরা স্বাচ্ছন্দ্যে মেলায় এসে বই কেনা ও প্রদর্শনী ঘুরে দেখার সুযোগ পাবেন। মেলার আয়োজকেরা জানান, বইপড়ার প্রতি আগ্রহ তৈরি, ইসলামী জ্ঞানচর্চার প্রসার এবং পাঠক, লেখক ও প্রকাশকদের মধ্যে সংযোগ তৈরির লক্ষ্যেই এ আয়োজন। নয় দিনের এ আয়োজনে বইপ্রেমীদের জন্য থাকছে বই কেনা ও দেখার পাশাপাশি জ্ঞানভিত্তিক বিভিন্ন অনুষ্ঠান। তারা ময়মনসিংহসহ আশপাশের এলাকার বইপ্রেমী ও সর্বস্তরের মানুষকে মেলায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। এসএইচ/ |