
|
‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’
প্রকাশ:
১৩ নভেম্বর, ২০২৬, ০৮:০১ রাত
নিউজ ডেস্ক |
মানবিক বিশ্ব প্রতিষ্ঠা ও চলমান সংকট মোকাবিলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ ও কর্মকৌশল অনুসরণের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সীরাত গবেষক ও আলেমরা। তাঁরা বলেন, মানবতার মুক্তি, শান্তি ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় রাসুল সা.-এর জীবনাদর্শই সর্বোত্তম পথনির্দেশনা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর তোপখানা রোডের ডিসিসি হলরুমে ‘মানবিক বিশ্ব প্রতিষ্ঠায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কর্মকৌশল’ শীর্ষক জাতীয় সীরাত সভায় বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে জাতীয় সীরাত প্রতিযোগিতা ২০২৬-এর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও দুই সাংবাদিককে সংবর্ধনা দেওয়া হয়। ঢাকাস্থ ভোলা জেলার আলেমদের সামাজিক সংগঠন ‘ভোলা জেলা উলামা তলাবা’ এ আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি, জামিয়া কাসেম নানুতবী ঢাকার মুহাদ্দিস, লেখক ও সীরাত গবেষক মুফতি আবুল ফাতাহ কাসেমী। সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন জামিয়া কাসেম নানুতবী ঢাকার শাইখুল হাদিস, বরেণ্য লেখক ও সীরাত গবেষক মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন এবং সীরাত রিসার্চ সেন্টার পাকিস্তানের সিইও ও প্রখ্যাত সীরাত গবেষক মাওলানা মোস্তফা আজিজ। মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন বলেন, ‘সীরাত শুধু পাঠের বিষয় নয়, বরং জীবনে ধারণ করার বিষয়। রাসূলুল্লাহ সা.-এর আদর্শেই রয়েছে মানবতার মুক্তি ও জীবনের প্রকৃত সার্থকতা।’ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইত্তেহাদ ভোলার সভাপতি ও বেফাক বোর্ডের সহসভাপতি মাওলানা মুহাম্মদ আনাস, দীনিয়াত বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা সালমান আহমদ, ইদারাতুল উলুম আফতাবনগর মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি শরীফুল ইসলাম কাসেমী, লেখক ও অনুবাদক ইমরান রাইহান, আল বারাকা হজ গ্রুপের মালিক প্রফেসর কামাল উদ্দীন, মারকাযু শাইখিল ইসলাম আল মাদানীর সিনিয়র মুহাদ্দিস মাওলানা ফরীদুদ্দীন আল মাদানী এবং মারকাযুত তালীম গুলশানের পরিচালক মুফতি মিজানুর রহমান সুহাঈলসহ বিশিষ্ট আলেম ও সীরাত গবেষকরা। অনুষ্ঠানে দেশব্যাপী আয়োজিত জাতীয় সীরাত প্রতিযোগিতা ২০২৬-এর ১৮ জন বিজয়ীর মধ্যে প্রায় অর্ধলাখ টাকার পুরস্কার, সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়। এ ছাড়া দ্বীপজেলা ভোলার স্বার্থসংশ্লিষ্ট অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা রাখায় জেলার দুই সাংবাদিক বাংলা টিভির রিপোর্টার এম এইচ তকি খান ও এমবিএ টাইমসের বার্তা সম্পাদক শাহ মুহাম্মদ খালিদকে সম্মাননা দেওয়া হয়। পরে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এসএইচ/ |