‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’
প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২৬, ০৮:১০ রাত
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, বাংলাদেশ সবার। প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, আমরাও তাঁর সঙ্গে একমত। আমরা যারা দ্বীন ইসলামের অনুসারী, তাদের নৈতিক দায়িত্ব হলো এ ধরনের দ্বীনি অনুষ্ঠান হেফাজত করা এবং এর সার্বিক সহযোগিতায় এগিয়ে আসা।

শুক্রবার (১৩ নভেম্বর) চট্টগ্রামের ফটিকছড়িতে ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুরের দুই দিনব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে প্রতিমন্ত্রী তাঁর বাবার অসুস্থতার কথা উল্লেখ করে বলেন, তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তবে বর্তমানে আল্লাহর রহমতে কিছুটা সুস্থ হয়েছেন। এ সময় তিনি তাঁর বাবার সুস্থতা, নিজের ও পরিবারের সদস্যদের জন্য উপস্থিত সবার কাছে দোয়া কামনা করেন। একই সঙ্গে উপস্থিত সবার জন্যও দোয়া করার কথা জানান তিনি।

সম্মেলনে সভাপতিত্ব করেন কুতুবুল আলম আল্লামা শাহ জমীর উদ্দীন নানুপুরী (রহ.)-এর সাহেবজাদা ও খলিফা পীরে কামেল আল্লামা শাহ সালাহ উদ্দীন নানুপুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর।

এ ছাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল আজিম উল্লাহ বাহারসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা সম্মেলনে উপস্থিত ছিলেন।

সম্মেলনের সমাপনী দিনে বয়ান করেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান আল্লামা শায়খ আহমাদুল্লাহ, আল্লামা গাজী বেলাল উদ্দীন নানুপুরী, আল্লামা ফরিদ উদ্দীন আল-মোবারক, আল্লামা আজিজুল হক আল-মাদানী, আল্লামা মুফতি মাহফুজুল হক, আল্লামা মুফতি কুতুবুদ্দীন নানুপুরী, ঢাকা থেকে আগত মুফতি রেজাউল করীম আবরার এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত আল্লামা গাজী ইয়াকুব ওসমানী।

এসএইচ/