
|
‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’
প্রকাশ:
১৩ নভেম্বর, ২০২৬, ০৮:১৪ রাত
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক মানুষের তৈরি আইন দিয়ে কখনোই পরিপূর্ণ ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন। তিনি বলেন, মানুষের জ্ঞান সীমিত, কিন্তু আল্লাহর জ্ঞান অসীম। মানুষের তৈরি ব্যবস্থায় বারবার বৈষম্য, অবিচার ও শোষণের জন্ম হয়েছে। তাই সমাজ ও রাষ্ট্রে প্রকৃত শান্তি, নিরাপত্তা ও ইনসাফ প্রতিষ্ঠায় আল্লাহর দেওয়া বিধান এবং ইসলামী শাসনব্যবস্থার কোনো বিকল্প নেই। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের জামতলায় খেলাফত মজলিস কার্যালয়ে বিভিন্ন পেশাজীবীকে নিয়ে আয়োজিত এক দাওয়াতি মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের দাওয়াত ও গণসংযোগ মাস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর শাখা এ মাহফিলের আয়োজন করে। এবিএম সিরাজুল মামুন বলেন, ৯০ শতাংশ মুসলমানের দেশেও আল্লাহ তাআলার নিষিদ্ধ সুদকে আইনি বৈধতা দেওয়া হয়েছে, মদকে বৈধ করা হয়েছে। মানুষের হাতে আইন প্রণয়নের ক্ষমতা দেওয়ার কুফল হিসেবেই এসবের জন্ম হয়েছে। মুসলমানদের সামনে এখন সবচেয়ে বড় দায়িত্ব হলো, নিজেদের জীবন ও রাষ্ট্রীয় ব্যবস্থায় আল্লাহর বিধান প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে আসা। তিনি বলেন, খেলাফত মজলিস মানুষকে আল্লাহর আইন ও রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শের দিকে আহ্বান জানাচ্ছে। ইসলামী আদর্শের ভিত্তিতে ন্যায়ভিত্তিক, শোষণমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। নারায়ণগঞ্জ মহানগর খেলাফত মজলিসের সহসভাপতি অধ্যাপক মুহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে মাহফিলে দারসুল কোরআন পেশ করেন জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী। মহানগর সহসাধারণ সম্পাদক ও সদর থানা সভাপতি খন্দকার হাফেজ আওলাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ ও সহসাধারণ সম্পাদক মুফতি শেখ শাব্বীর আহমাদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান, মহানগর সহসাধারণ সম্পাদক ও সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, জেলা সহসাধারণ সম্পাদক মুফতি আব্দুল গনী, কামরুল হাসান পায়েল, মুহাম্মদ শরীফ মিয়াজী, মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদ, ফতুল্লা থানা সভাপতি আবুবকর সিদ্দীক এবং ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা। এসএইচ/ |