‘আজই নিজের আমলের হিসাব নিন, কাল আর সুযোগ মিলবে না’
প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৬, ০৮:১২ সকাল
নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

‘নিজের জীবনের হিসাব আজই করে নিন, আগামীকাল হয়তো আর সেই সুযোগ পাবেন না।’—মৃত্যু ও পরকালের জবাবদিহির কথা স্মরণ করিয়ে দিয়ে এ আহ্বান জানিয়েছেন মসজিদে নববির ইমাম ও খতিব শায়খ ড. আবদুল মুহসিন আল-কাসিম।

শুক্রবার (১৩ নভেম্বর) মদিনা মুনাওয়ারার মসজিদে নববিতে জুমার খুতবায় তিনি কিয়ামতের দিন মানুষের জবাবদিহি ও আল্লাহর কাছে হিসাব দেওয়ার বিষয়ে আলোচনা করেন।

খুতবায় শায়খ আবদুল মুহসিন আল-কাসিম বলেন, কেয়ামতের দিন প্রত্যেক মানুষকে তার ঈমান, আমল এবং আল্লাহর দেওয়া নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। জীবনের প্রতিটি অঙ্গনের দায়িত্ব ও কর্তব্যের ব্যাপারেও জবাবদিহি করতে হবে।

তিনি বলেন, মানুষের প্রতিশ্রুতি, পরিবারের সদস্যদের অধিকার, জীবনের সময়, অর্জিত জ্ঞান, সম্পদ, সুস্থতা এবং পবিত্র কোরআনের প্রতি দায়িত্ব—সবকিছু সম্পর্কেই প্রশ্ন করা হবে। তাই দুনিয়ার জীবনকে শুধু ভোগের ক্ষেত্র মনে না করে আখেরাতের প্রস্তুতির সুযোগ হিসেবে গ্রহণ করা উচিত।

খতিবের বক্তব্যের মূল আহ্বান ছিল, চূড়ান্ত বিচারের আগে প্রত্যেকের উচিত নিজের আমল পর্যালোচনা করা। দুনিয়া হচ্ছে আমল করার জায়গা, আর আখিরাত হচ্ছে সেই আমলের হিসাব দেওয়ার স্থান। তাই সময় থাকতে ঈমান ও নেক আমলের মাধ্যমে পরকালের প্রস্তুতি নিতে হবে।

তবে জবাবদিহির এই সতর্কবার্তার পাশাপাশি আল্লাহর রহমত ও ক্ষমার আশাবাদী হওয়ার কথাও তুলে ধরেন তিনি। আল্লাহ তাআলা মুমিনের পাপ গোপন রাখেন এবং নিজ অনুগ্রহে ক্ষমা করে দেন। তাই বান্দার উচিত নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং তাঁর রহমতের আশা রাখা।

খুতবায় তিনি মুসল্লিদের জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্যবান মনে করা, দায়িত্ব পালনে সচেতন হওয়া এবং নেক আমলের মাধ্যমে আখিরাতের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

সূত্র: দ্য গেট টু হারামাইন

আইও/