ইসলামী আন্দোলনের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য, ফাহিম ফারুকীকে আইনি নোটিশ
প্রকাশ: ২৩ নভেম্বর, ২০২৬, ০৮:৪৭ সকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশ ও দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে মিথ্যা, মানহানিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দেওয়ার অভিযোগে ইকরামুল হাসান ফাহিম ওরফে ফাহিম ফারুকীকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে অভিযোগ প্রত্যাহার, প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যতে এ ধরনের বক্তব্য না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

রোববার (২২ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শেখ আতিয়ার রহমানের মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও মিডিয়া বিভাগের প্রধান হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফের পক্ষে এ নোটিশ পাঠানো হয়।

আইনি নোটিশে বলা হয়, গত ২০ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফাহিম ফারুকী ইসলামী আন্দোলন বাংলাদেশ, দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) এবং সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই) সম্পর্কে বিভিন্ন গুরুতর অভিযোগ উত্থাপন করেন। এর মধ্যে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর (RAW) সঙ্গে সম্পৃক্ততা, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছ থেকে অর্থ গ্রহণ, গোপন বৈঠক এবং বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগের পক্ষে কোনো বিশ্বাসযোগ্য তথ্য-প্রমাণ বা গ্রহণযোগ্য দলিল উপস্থাপন করা হয়নি বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

নোটিশে আরও বলা হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১৯৮৭ সাল থেকে স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় ও সাংগঠনিক স্বকীয়তা বজায় রেখে নিয়মতান্ত্রিক রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছে। রাজনৈতিক মতপার্থক্য ও সমালোচনার সুযোগ থাকলেও কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে প্রমাণহীন ও মানহানিকর অভিযোগ উত্থাপনের অধিকার কারও নেই।

নোটিশে ফাহিম ফারুকীকে নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে উত্থাপিত অভিযোগগুলো প্রত্যাহার, নিঃশর্ত ও প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা এবং যে মাধ্যমে বক্তব্যগুলো প্রচার করা হয়েছে, একই মাধ্যমে যথাযথ গুরুত্ব ও পরিসরে তা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি অভিযোগের পক্ষে কোনো তথ্য-প্রমাণ থাকলে তা উপস্থাপন এবং ভবিষ্যতে এ ধরনের মানহানিকর বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার ঘোষণা দেওয়ার দাবিও জানানো হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে এসব দাবি পূরণ না হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে উপযুক্ত দেওয়ানি ও ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে সতর্ক করা হয়েছে।

এর আগে গতকাল শনিবার (২১ নভেম্বর) এক বিবৃতিতে শেখ ফজলুল করীম মারুফ দলের বিরুদ্ধে চলমান মিথ্যাচারের প্রতিবাদ জানান। তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য ও প্রতিযোগিতা রাজনীতির স্বাভাবিক সৌন্দর্য; কিন্তু উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব অপপ্রচারের বিরুদ্ধে রাজনৈতিক ও আইনি—উভয় ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। এর ধারাবাহিকতায় আজ আইনি নোটিশ পাঠানো হলো।

আইও/