ফরিদাবাদ জামিয়ার সত্তর সালা দস্তারবন্দী মহাসম্মেলন: অতীতের স্বীকৃতি, ভবিষ্যতের অঙ্গীকার
প্রকাশ: ২৩ নভেম্বর, ২০২৬, ১২:৩০ দুপুর
নিউজ ডেস্ক

মাওলানা মুনীরুল ইসলাম

বাংলাদেশের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক জীবনে কওমি মাদরাসাগুলোর অবদান বহুমাত্রিক। এসব প্রতিষ্ঠান ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিকতা, মানবিকতা, আত্মশুদ্ধি, সমাজসংস্কার এবং নেতৃত্ব তৈরির গুরুত্বপূর্ণ কেন্দ্র। যুগে যুগে এসব প্রতিষ্ঠান থেকে তৈরি হয়েছেন অসংখ্য আলেম, মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ, মুফতি, হাফেজ, ওয়ায়েজ, দাঈ, লেখক, গবেষক ও ইসলামি চিন্তাবিদ। তাঁদের জ্ঞান, প্রজ্ঞা, কর্মনিষ্ঠা ও আত্মত্যাগের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরে ইসলামের শিক্ষা ও আদর্শ ছড়িয়ে পড়েছে।

বাংলাদেশের কওমি মাদরাসা শিক্ষাব্যবস্থার এই গৌরবোজ্জ্বল ধারায় বিশেষ মর্যাদার অধিকারী একটি প্রতিষ্ঠান হলো রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সত্তর বছর মানে সাত দশকের সাধনা, সংগ্রাম, আত্মত্যাগ, জ্ঞানচর্চা, প্রজন্ম নির্মাণ এবং আদর্শ প্রতিষ্ঠার দীর্ঘ ইতিহাস। এই দীর্ঘ সময়ে একটি প্রতিষ্ঠান কত মানুষের জীবন আলোকিত করেছে, কত পরিবারে দীনি শিক্ষার আলো পৌঁছে দিয়েছে, কত শিক্ষার্থীকে যোগ্য আলেম হিসেবে গড়ে তুলেছে এবং সমাজের কত বিচিত্র প্রয়োজনে অবদান রেখেছে—তার পূর্ণাঙ্গ হিসাব কোনো পরিসংখ্যানে ধারণ করা সম্ভব নয়। তাই ফরিদাবাদ জামিয়ার সত্তর সালা দস্তারবন্দী মহাসম্মেলন একটি দীর্ঘ শিক্ষাসফরের মূল্যায়ন, অতীতের সাধকদের প্রতি শ্রদ্ধা নিবেদন, বর্তমান প্রজন্মের দায়িত্ব স্মরণ এবং ভবিষ্যতের পথচলার অঙ্গীকার। বাংলাদেশের কওমি মাদরাসা অঙ্গনের জন্য এ আয়োজন একটি তাৎপর্যপূর্ণ মাইলফলক। একই সঙ্গে এটি দেশের অন্যান্য দীনি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যও হতে পারে আত্মমূল্যায়ন, পরিকল্পনা ও নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। 

সাত দশকের সাধনা ও একটি প্রতিষ্ঠানের পরিচয়

কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকৃত পরিচয় তার বিশাল ভবন, শিক্ষার্থীর সংখ্যা কিংবা আয়োজনের জাঁকজমকে সীমাবদ্ধ থাকে না। তার প্রকৃত পরিচয় ফুটে ওঠে তার শিক্ষাদর্শ, শিক্ষকসমাজ, শিক্ষার্থীদের যোগ্যতা, সমাজে তার প্রভাব এবং সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সক্ষমতার মধ্য দিয়ে। ফরিদাবাদ জামিয়ার সাত দশকের পথচলাকে মূল্যায়ন করতে হলে এই বিষয়গুলোকে সামনে রেখেই দেখতে হবে।

একটি দীনি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা যতটা কঠিন, তাকে আদর্শের ভিত্তিতে দীর্ঘদিন পরিচালনা করা তার চেয়েও কঠিন। এর জন্য প্রয়োজন দূরদর্শী চিন্তা, যোগ্য নেতৃত্ব, নিবেদিতপ্রাণ শিক্ষক, আন্তরিক পরিচালনা, শিক্ষার্থীদের প্রতি মমত্ববোধ এবং সমাজের সহযোগিতা। বিশেষত কওমি মাদরাসার মতো স্বনির্ভর শিক্ষাব্যবস্থায় অর্থনৈতিক সীমাবদ্ধতা, অবকাঠামোগত সংকট এবং পরিবর্তিত সময়ের নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখা একটি বড় সাধনার বিষয়। ফরিদাবাদ জামিয়ার সাত দশকের ইতিহাস সেই দীর্ঘ সাধনারই স্মারক। এ সময়ে প্রতিষ্ঠানটি অসংখ্য শিক্ষার্থীকে কুরআন-হাদিসের শিক্ষা গ্রহণের সুযোগ দিয়েছে। তাঁদের অনেকে হিফজুল কুরআন সম্পন্ন করে হাফেজ হয়েছেন, অনেকে উচ্চতর কিতাবি শিক্ষা অর্জন করে আলেম ও মুফতি হয়েছেন। তাঁদের মধ্য থেকে কেউ মসজিদের মিম্বরে, কেউ মাদরাসার দরসে, কেউ লেখালেখি ও গবেষণায়, কেউ সমাজসেবায়, কেউ রাজনীতিতে, আবার কেউ দাওয়াত ও তাবলিগের ময়দানে গুরুত্বপূর্ণ
ভূমিকা পালন করছেন।

ছদর সাহেব হুজুরের দূরদর্শী চিন্তার ফসল

ফরিদাবাদ জামিয়ার ইতিহাস আলোচনা করতে গেলে যাঁর নাম সবার আগে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হয়, তিনি হলেন মুজাহিদে মিল্লাত মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ.—যিনি ‘ছদর সাহেব হুজুর’ নামে সমধিক পরিচিত। তাঁর দূরদর্শী চিন্তা, দীনি শিক্ষার প্রতি গভীর অনুরাগ এবং জাতি গঠনের প্রত্যয় থেকেই ১৯৫৬ সালে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছিল উপমহাদেশের বিশিষ্ট বুজুর্গ হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ.-এর নামে। প্রতিষ্ঠাকালে ছদর সাহেব হুজুর নিজেই প্রতিষ্ঠানের প্রধান মুরব্বি ও মুতাওয়াল্লির দায়িত্ব পালন করেন। তাঁর সহপাঠী মাওলানা মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর ছিলেন প্রথম মুহতামিম।

ছদর সাহেব হুজুরের চিন্তার বিশেষত্ব ছিল, তিনি দীনি শিক্ষাকে শুধু ব্যক্তিগত ইবাদত ও ধর্মীয় জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাননি। তিনি এমন এক প্রজন্ম গড়ে তুলতে চেয়েছিলেন, যারা কুরআন-সুন্নাহর জ্ঞান ধারণ করবে, নিজেদের জীবনে ইসলামের আদর্শ বাস্তবায়ন করবে এবং সমাজের মানুষের কাছে দীনের সঠিক শিক্ষা পৌঁছে দেবে। তাঁর প্রতিষ্ঠিত এই জামিয়া পরবর্তী সময়ে সেই বৃহত্তর লক্ষ্য বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে।

একটি প্রতিষ্ঠানের ভিত্তি নির্মাণে প্রতিষ্ঠাতার অবদান যেমন গুরুত্বপূর্ণ, তেমনি তার আদর্শ ও কার্যক্রমকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে পরবর্তী প্রজন্মের অবদানও অনস্বীকার্য। ফরিদাবাদ জামিয়ার সাত দশকের ইতিহাসে বিভিন্ন সময়ের পরিচালকমণ্ডলী, মুহতামিম, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শুভানুধ্যায়ী ও দাতাদের সম্মিলিত প্রচেষ্টা প্রতিষ্ঠানটির অগ্রযাত্রাকে সুদৃঢ় করেছে। তাঁদের অনেকের নাম হয়তো ইতিহাসের পাতায় যথাযথভাবে স্থান পায়নি; কিন্তু তাঁদের শ্রম, মেধা, আন্তরিকতা ও ত্যাগের ওপর দাঁড়িয়েই আজকের এই প্রতিষ্ঠানের গৌরবময় অবস্থান। 

জ্ঞানী-গুণী আলেমদের পদচারণায় সমৃদ্ধ শিক্ষাঙ্গন

একটি মাদরাসার শিক্ষার মান ও ঐতিহ্য নির্ধারণে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন শিক্ষার্থীদের আশ্রয় দিতে পারে, পাঠ্যক্রম শিক্ষার কাঠামো নির্ধারণ করতে পারে; কিন্তু একজন যোগ্য শিক্ষকই শিক্ষার্থীর চিন্তা, মনন, চরিত্র ও জ্ঞানকে পরিপূর্ণতা দেন। ফরিদাবাদ জামিয়ার অন্যতম গৌরব হলো, দেশের খ্যাতিমান, প্রাজ্ঞ ও বিজ্ঞ আলেমদের একটি উল্লেখযোগ্য অংশ বিভিন্ন সময়ে এ প্রতিষ্ঠানে অধ্যাপনা করেছেন এবং এখনো অনেকে শিক্ষাদানের কাজে নিয়োজিত রয়েছেন। এখানে কুরআন-হাদিস ও কিতাবি জ্ঞান শেখানোর পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে ইলমের প্রতি ভালোবাসা, উস্তাদের প্রতি শ্রদ্ধা, অধ্যবসায়, আমল, তাকওয়া, আদব ও আখলাকের চর্চা গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। 

একজন প্রকৃত আলেম তৈরির জন্য শুধু পাঠ্যসূচি শেষ করাই যথেষ্ট নয়; প্রয়োজন এমন শিক্ষকের সান্নিধ্য, যাঁর জ্ঞান ও ব্যক্তিত্ব শিক্ষার্থীর জীবনে প্রভাব বিস্তার করে। প্রাজ্ঞ মুহাদ্দিসের দরসে হাদিসের গভীরতা, মুফতির আলোচনায় ফিকহি প্রজ্ঞা, মুফাসসিরের পাঠে কুরআনের মর্মবাণী এবং অভিজ্ঞ শিক্ষকের জীবনঘনিষ্ঠ উপদেশ শিক্ষার্থীদের মনোজগৎকে সমৃদ্ধ করে। ফরিদাবাদ জামিয়ার দীর্ঘ শিক্ষাপ্রবাহে এমন শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্কই একটি গুরুত্বপূর্ণ সম্পদ। 

কওমি মাদরাসাগুলোতে শিক্ষকতা শুধু পেশাগত দায়িত্ব নয়, এটি একটি আমানত ও দীনি খেদমত। একজন শিক্ষক যখন নিজের অর্জিত জ্ঞান শিক্ষার্থীর মধ্যে সঞ্চার করেন, তখন তিনি ভবিষ্যতের একজন আলেম, মুফতি, দাঈ কিংবা শিক্ষক তৈরির বীজ বপন করেন। এভাবে এক প্রজন্মের জ্ঞান অন্য প্রজন্মের কাছে পৌঁছে যায়। ফরিদাবাদ জামিয়ার সাত দশকের ধারাবাহিকতা এই জ্ঞান হস্তান্তরেরই একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। 

সত্তর সালা দস্তারবন্দী মহাসম্মেলনের সবচেয়ে আবেগঘন ও তাৎপর্যপূর্ণ দিক হলো, প্রতিষ্ঠার পর থেকে ২০২৬ সাল পর্যন্ত দীর্ঘ সাত দশকে জামিয়া থেকে শিক্ষা সমাপ্তকারী হাফেজ, কারী, আলেম ও মুফতিদের সম্মাননা পাগড়ি প্রদান। এই আয়োজনের মধ্য দিয়ে কয়েক প্রজন্মের শিক্ষার্থীর অর্জনকে একই মঞ্চে স্মরণ করার একটি বিরল সুযোগ তৈরি হয়েছে। এই দস্তারবন্দী একজন শিক্ষার্থীর দীর্ঘ অধ্যবসায়, আত্মসংযম, শিক্ষকের সান্নিধ্য, নিরলস অধ্যয়ন এবং দীনি শিক্ষার পথে অগ্রসর হওয়ার আবারো স্বীকৃতির প্রতীক।

তবে পাগড়ির প্রকৃত মর্যাদা তার বাহ্যিক সৌন্দর্যে নয়; বরং এর সঙ্গে যুক্ত দায়িত্ব ও আমানতে। একজন আলেমের মাথায় পাগড়ি উঠলে তাঁর দায়িত্বও বেড়ে যায়। মানুষের কাছে দীনের সঠিক বার্তা পৌঁছে দেওয়া, নিজেকে ইলম ও আমলের মাধ্যমে সমৃদ্ধ করা, সমাজের নৈতিক অবক্ষয় রোধে ভূমিকা রাখা এবং মানুষের কল্যাণে কাজ করা তাঁর অন্যতম কর্তব্য। 

এই সম্মেলনে যাঁরা দস্তার গ্রহণ করবেন, তাঁদের কেউ হয়তো দীর্ঘদিন ধরে দেশের প্রত্যন্ত অঞ্চলে দীনি শিক্ষা বিস্তারে কাজ করছেন। কেউ মসজিদের ইমাম ও খতিব হিসেবে মানুষের ধর্মীয় জীবনে দিকনির্দেশনা দিচ্ছেন। কেউ মাদরাসায় শিক্ষকতা করছেন, কেউ ফতোয়া ও শরয়ি গবেষণায় নিয়োজিত, কেউ ওয়াজ-নসিহতের মাধ্যমে মানুষকে দীনের পথে আহ্বান করছেন। আবার কেউ লেখালেখি, অনুবাদ, সম্পাদনা কিংবা গবেষণার মাধ্যমে ইসলামি জ্ঞানচর্চায় অবদান রাখছেন। তাঁদের সবাইকে একদিনে জমায়েত করে সম্মানিত করার উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। বিশেষ করে যাঁরা জীবনের দীর্ঘ সময় দীনি খেদমতে অতিবাহিত করেছেন, তাঁদের অবদান স্মরণ করা এবং পরবর্তী প্রজন্মের সামনে তুলে ধরা একটি মহৎ কাজ।

বেফাক প্রতিষ্ঠার ইতিহাসে ফরিদাবাদ জামিয়ার ভূমিকা

ফরিদাবাদ জামিয়ার ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো বাংলাদেশের কওমি মাদরাসা শিক্ষাব্যবস্থার ঐক্যবদ্ধ সাংগঠনিক কাঠামো গড়ে তোলার ক্ষেত্রে এর অবদান। ১৯৭৮ সালে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় এই জামিয়ায়। প্রতিষ্ঠার পর প্রায় এক যুগ বেফাকের প্রধান কার্যালয়ও এ মাদরাসায় অবস্থিত ছিল। এ তথ্য প্রতিষ্ঠানটির ঐতিহাসিক গুরুত্বকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। কারণ বেফাক প্রতিষ্ঠার পেছনে ছিল দেশের কওমি মাদরাসাগুলোকে একটি সমন্বিত শিক্ষাব্যবস্থার আওতায় আনার চিন্তা, পাঠ্যক্রম ও পরীক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নের সম্মিলিত প্রয়াস।

একটি শিক্ষাপ্রতিষ্ঠান যখন নিজস্ব শিক্ষা কার্যক্রমের পাশাপাশি বৃহত্তর শিক্ষাব্যবস্থার উন্নয়নে ভূমিকা রাখে, তখন তার অবদান আরও বিস্তৃত হয়ে ওঠে। ফরিদাবাদ জামিয়া সেই দৃষ্টিকোণ থেকেও বাংলাদেশের কওমি শিক্ষার ইতিহাসে বিশেষ তাৎপর্য বহন করে। এই প্রতিষ্ঠানের প্রাঙ্গণে বেফাকের প্রতিষ্ঠা এবং দীর্ঘ সময় প্রধান কার্যালয় পরিচালিত হওয়া প্রমাণ করে, কওমি শিক্ষার সাংগঠনিক অগ্রযাত্রার সঙ্গেও প্রতিষ্ঠানটির একটি ঐতিহাসিক যোগসূত্র রয়েছে।

আজ যখন কওমি মাদরাসার শিক্ষার্থীদের সনদের স্বীকৃতি, পাঠ্যক্রমের মানোন্নয়ন, গবেষণার বিকাশ এবং শিক্ষাব্যবস্থার আধুনিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হচ্ছে, তখন বেফাক প্রতিষ্ঠার সেই প্রাথমিক ইতিহাস নতুন করে স্মরণ করা প্রয়োজন। এটি আমাদের শেখায়, দীনি শিক্ষার উন্নয়নে ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি সম্মিলিত পরিকল্পনা ও প্রাতিষ্ঠানিক সমন্বয় কতটা জরুরি।

প্রাক্তন শিক্ষার্থীদের ঐক্য 

প্রতিষ্ঠানের শক্তির উপকরণ একটি প্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষার্থীর সম্পর্ক সনদ অর্জনের মধ্য দিয়ে শেষ হয়ে যায় না। বরং শিক্ষা সমাপ্তির পরই অনেক ক্ষেত্রে সেই সম্পর্কের নতুন অধ্যায় শুরু হয়। একজন প্রাক্তন শিক্ষার্থী তাঁর কর্মক্ষেত্র, সমাজ, পরিবার ও ব্যক্তিগত জীবনের মাধ্যমে প্রতিষ্ঠানের পরিচয় বহন করেন। তাঁর সাফল্য প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করে; তাঁর নৈতিকতা ও আদর্শ প্রতিষ্ঠানের শিক্ষার বাস্তব প্রতিফলন ঘটায়। 

ফরিদাবাদ জামিয়ার সত্তর সালা মহাসম্মেলন প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে এই সম্পর্ককে নতুনভাবে জাগ্রত করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। দেশ-বিদেশে ছড়িয়ে থাকা আবনা ও ফুজালাদের একত্র করা, তাঁদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করা এবং জামিয়ার ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার উদ্দেশ্যে ‘তানযীমে আবনায়ে জামিয়া ফরিদাবাদ’ গঠনের উদ্যোগও বিশেষভাবে উল্লেখযোগ্য। এ ধরনের সংগঠন একটি প্রতিষ্ঠানের জন্য দীর্ঘমেয়াদি সম্পদ হতে পারে। প্রাক্তন শিক্ষার্থীদের অভিজ্ঞতা, কর্মদক্ষতা, সামাজিক যোগাযোগ ও পেশাগত অবস্থানকে সমন্বিত করা গেলে প্রতিষ্ঠানের শিক্ষা, গবেষণা, অবকাঠামো ও কল্যাণমূলক কর্মকা-ে নতুন সম্ভাবনা তৈরি হয়। প্রাক্তন শিক্ষার্থীদের প্রত্যেকেরই রয়েছে আলাদা অভিজ্ঞতা ও কর্মক্ষেত্র। এই বিচিত্র অভিজ্ঞতার সম্মিলন জামিয়ার ভবিষ্যৎ পরিকল্পনাকে আরও সমৃদ্ধ করতে পারে। পাশাপাশি নবীন শিক্ষার্থীদের জন্য তাঁরা হয়ে উঠতে পারেন অনুকরণীয় আদর্শ।

এখানে একটি বিষয় বিশেষভাবে বিবেচ্য— প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন যেন শুধু সম্মেলনকেন্দ্রিক না থাকে। বরং নিয়মিত যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা, মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তা, গবেষণা কার্যক্রম, প্রকাশনা এবং সামাজিক কল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে এর কার্যকারিতা বজায় রাখা প্রয়োজন।

আন্তর্জাতিক পরিসরে দীনি শিক্ষার মিলনমেলা

ফরিদাবাদ জামিয়ার সত্তর সালা দস্তারবন্দী মহাসম্মেলনের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো এর আন্তর্জাতিক ব্যাপ্তি। দেশীয় আলেমদের পাশাপাশি উপমহাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশের প্রখ্যাত আলেম, মুফতি ও ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণের উদ্যোগ এই সম্মেলনকে আন্তর্জাতিক মাত্রা দিয়েছে। এতে পাকিস্তানের জামিয়া দারুল উলুম করাচির মহাপরিচালক শায়খুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকী উসমানী এবং ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী অংশগ্রহণ করছেন। এ ছাড়া ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশের বিশিষ্ট আলেমদের পাশাপাশি বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামও আমন্ত্রিত রয়েছেন।

এ ধরনের সম্মেলন শুধু বক্তৃতা ও আলোচনা শোনার উপলক্ষ নয়; বরং বিভিন্ন দেশের দীনি শিক্ষাব্যবস্থা, গবেষণার ধারা, পাঠ্যক্রম, শিক্ষাপদ্ধতি ও সমসাময়িক চ্যালেঞ্জ সম্পর্কে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করে। বিশেষত উপমহাদেশের ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সম্পর্ক ও যোগাযোগ দৃঢ় করার ক্ষেত্রে এমন আয়োজনের গুরুত্ব অনেক।

ইসলামি শিক্ষার ইতিহাসে দারুল উলুম দেওবন্দ, জামিয়া দারুল উলুম করাচি এবং উপমহাদেশের অন্যান্য প্রসিদ্ধ শিক্ষাপ্রতিষ্ঠান জ্ঞানচর্চা ও আলেম তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এসব প্রতিষ্ঠানের বরেণ্য আলেমদের সঙ্গে বাংলাদেশের শিক্ষক ও শিক্