আলেম-শিক্ষার্থীদের তাবলিগে সময় দেওয়া নিয়ে দেওবন্দের মুহতামিমের সতর্কবার্তা
প্রকাশ: ২৩ নভেম্বর, ২০২৬, ০৮:২০ রাত
নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মাদরাসায় দীর্ঘদিন দীনি শিক্ষা অর্জনের পর তাবলিগ জামাতে চিল্লা ও চার মাস সময় দেওয়ার বিষয়ে আলেম-উলামা ও মাদরাসার শিক্ষার্থীদের সতর্ক করেছেন ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা মুফতি আবুল কাসেম নোমানী।

সোমবার (২৩ নভেম্বর) বুখারি শরিফের দরস চলাকালে তিনি এ সতর্কবার্তা দেন।

মুফতি আবুল কাসেম নোমানী বলেন, আট-নয় বছর মাদরাসায় দীনি শিক্ষা অর্জনের পর চিল্লা কিংবা চার মাসের জন্য তাবলিগে বের হয়ে অর্জিত ইলমের ক্ষতি করা অত্যন্ত দুঃখজনক। যারা বৃদ্ধ মা-বাবাকে রেখে তাবলিগে সময় দিতে বের হন, তাদেরও মনে রাখা উচিত, মা-বাবার সেবা করাও এক ধরনের জিহাদ।

মাদরাসার ফুজালা ও শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে নিজেদের প্রতি সদয় হওয়া উচিত। শিক্ষকদের পরিশ্রমের মর্যাদা রক্ষা করে অর্জিত ইলমকে কাজে লাগাতে হবে। মূল্যবান সময় দ্বীনি শিক্ষাদান, ইমামতি ও অন্যান্য ধর্মীয় খেদমতে ব্যয় করার পরামর্শ দেন তিনি।

সূত্র: দেওবন্দ সংশ্লিষ্ট ফেসবুক পেইজ

এসএইচ/