
|
ফরিদাবাদ জামিয়ার মহাসম্মেলনে আজ ও কাল বয়ান করবেন যারা
প্রকাশ:
২৪ নভেম্বর, ২০২৬, ০৪:০৪ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক রাজধানীর ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের ৭০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী দস্তারবন্দী মহাসম্মেলনের দ্বিতীয় দিন আজ মঙ্গলবার (২৪ নভেম্বর)। রাজধানীর গেন্ডারিয়ার ধুপখোলা মাঠে আয়োজিত এ সম্মেলনে আজ ও আগামীকাল বুধবার দেশি-বিদেশি বিশিষ্ট আলেম-উলামারা বয়ান করবেন। মহাসম্মেলনের শেষ দিন বুধবার বাদ মাগরিব বিশেষ সমাপনী আলোচনা ও দোয়া পরিচালনা করবেন ভারতের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী। আয়োজকদের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ১০টায় পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়েছে। সকালের অধিবেশনে আলোচনা করেন মুফতি আবু সাঈদ, ভারতের মাওলানা আজহার মাদানী ও পাকিস্তানের মাওলানা আওরঙ্গজেব ফারুকী। এ পর্বে ২০১৩ থেকে ২০১৭ শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থীদের দস্তারবন্দী করা হয়। দুপুরের অধিবেশনে বক্তব্য দেন ভারতের মাওলানা রমজান মেওয়াতী ও মুফতি আব্দুস সালাম। এ সময় কর্মজীবনে ইসলাহি মুরুব্বির সঙ্গে সম্পর্কের গুরুত্ব নিয়েও আলোচনা হয়। অধিবেশনের শেষ দিকে আলোচনা ও দোয়া করেন মাওলানা আব্দুল হামীদ পীর সাহেব মধুপুর। বিকেল ও সন্ধ্যার অধিবেশনে বক্তব্য দেবেন মাওলানা নিয়ামতুল্লাহ সাহেব, বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, দেওবন্দের মাওলানা হুসাইন আহমদ পালনপুরী, মুফতি দিলাওয়ার হুসাইন ও মাওলানা মুতিউর রহমান। সন্ধ্যার পর পাকিস্তানের মাওলানা হানিফ জালন্ধরীও আলোচনা করবেন। এশার পরবর্তী অধিবেশনে বক্তব্য দেবেন হাটহাজারীর খলীল আহমদ কুরাইশী ও ঢালকানগরের মাওলানা আব্দুল মতীন বিন হুসাইন। এ পর্বে ২০১৮ থেকে ২০২০ শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থীদের দস্তারবন্দী করা হবে। রাতের শেষ অধিবেশনে আখেরি বয়ান ও দোয়া করবেন মাওলানা উবায়দুল্লাহ খালিদ অথবা মাওলানা মাহমুদুল হাসান যাত্রাবাড়ী। শেষ দিন যাদের বয়ান বুধবার (২৫ নভেম্বর) মহাসম্মেলনের শেষ দিনে সকাল ১০টায় কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হবে। সকালের অধিবেশনে বক্তব্য দেবেন মাওলানা নজরুল ইসলাম ও মুফতি ইউনুস। এরপর ২০২১ থেকে ২০২৫ শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থীদের দস্তারবন্দী করা হবে। দুপুর ১২টা ২০ মিনিটে পাকিস্তানের ইলিয়াস ঘুম্মান আলোচনা করবেন। দুপুর ও বিকেলের অধিবেশনে বক্তব্য দেবেন সিলেটের মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী, মাওলানা জিকরুল্লাহ খান ও পাকিস্তানের মাওলানা ফয়সাল নাদিম। এ পর্বে কওমি মাদরাসার ইতিহাস-ঐতিহ্য এবং দাওরায়ে হাদিস সম্পন্ন করার তাৎপর্যসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি অবশিষ্ট ফুজালাদের দস্তারবন্দী কার্যক্রম চলবে। শেষ দিনের সবচেয়ে আকর্ষণীয় পর্বটি অনুষ্ঠিত হবে বাদ মাগরিব। এ পর্বে প্রথমে বক্তব্য দেবেন হাটহাজারীর মুফতি কিফায়াতুল্লাহ। এরপর দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানীর পরিচিতি ও স্বাগত বক্তব্য উপস্থাপন করবেন জামিয়ার মুফতি আবু সাঈদ। পরে সমাপনী আলোচনা ও দোয়া পরিচালনা করবেন মুফতি আবুল কাসেম নোমানী। এ সময় দেওবন্দের মুহতামিমের কাছ থেকে জামিয়ার মুহতামিম ও সিনিয়র শিক্ষকমণ্ডলী বিশেষ দস্তারে ফজিলত গ্রহণ করবেন। সময়ের প্রয়োজনে অনুষ্ঠান এশার পর পর্যন্ত বর্ধিত হলে ওই পর্বেও দস্তারবন্দী এবং আখেরি বয়ানের আয়োজন রাখা হয়েছে। আইও/ |