
|
পুরনো ফ্যাসিবাদ ফিরবে না, নতুন ফ্যাসিবাদেরও জন্ম হবে না: আমিরে মজলিস
প্রকাশ:
২৪ নভেম্বর, ২০২৬, ০৭:৪৪ বিকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক পুরনো ফ্যাসিবাদ বাংলাদেশে আর ফিরে আসতে পারবে না, নতুন কোনো ফ্যাসিবাদেরও জন্ম হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, জুলাই বিপ্লবের লক্ষ্যই ছিল চিরতরে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ উৎখাত করা। জুলাই বিপ্লবের অংশীজনদের অভিন্ন প্রত্যয়ও এটাই। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়। মাওলানা মামুনুল হক বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার গণপ্রতিরোধের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। তারা জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করেনি; বরং বাংলাদেশকে অনিরাপদ অবস্থায় রেখে পালিয়ে গেছে। ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখান থেকে দেশের অভ্যন্তরে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। আগুন সন্ত্রাস, গুপ্তহত্যা ও নৈরাজ্যের মাধ্যমে দেশে ভীতিকর পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, বাংলাদেশের আদালতে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনতে হবে। গণহত্যার আসামি হিসেবে তার বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের দাগ এখনো শুকায়নি উল্লেখ করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর বলেন, শহীদদের পরিবার আজও স্বজন হারানোর বেদনা বহন করছে। জুলাই হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ডসহ গত ১৫ বছরে সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। বিচার শেষ হওয়ার আগে আওয়ামী লীগের কোনো পর্যায়ের নেতাকর্মীকে বিচারের আওতার বাইরে রাখার সুযোগ নেই। সরকারের উদ্দেশে তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে ফ্যাসিবাদের পথ রুদ্ধ করতে হবে। জনগণের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে জুলাই সনদ কার্যকর করতে হবে। ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধভাবে রাজপথে অবস্থান নিতে হবে। এ সংগ্রাম পূর্ণাঙ্গ সফল না হওয়া পর্যন্ত বাংলাদেশ খেলাফত মজলিসের আন্দোলন অব্যাহত থাকবে। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মাহবুবুল হক বলেন, জুলাই বিপ্লবের চেতনা ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে ফ্যাসিবাদী নৈরাজ্যের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশে আসুক—আমরাও চাই। তবে তিনি আসবেন বন্দি বেশে, গণহত্যার বিচারের মুখোমুখি হতে।’ আওয়ামী লীগের শাসনামলে শাপলা চত্বর, পিলখানা, ২০২১ সালের মোদিবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে তাকে দেশে ফিরিয়ে আনতে হবে বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, বাংলাদেশ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। তবে সেই সম্পর্ক হতে হবে আত্মমর্যাদা ও সমমর্যাদার ভিত্তিতে। বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র কিংবা আওয়ামী লীগকে উসকানি দেওয়ার পদক্ষেপ জনগণ মেনে নেবে না। প্রশাসন ও সরকারের বিভিন্ন পর্যায়ে থাকা আওয়ামী লীগের দোসরদের চিহ্নিত করে জনগণের সামনে প্রকাশ করার জন্যও সরকারের প্রতি আহ্বান জানান তিনি। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব নয় উল্লেখ করে মাওলানা জালালুদ্দিন আহমাদ বলেন, গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়নই জাতীয় ঐক্যের ভিত্তি হতে পারে। সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন বলেন, আওয়ামী লীগের সঙ্গে বিএনপির বিরোধ মূলত ক্ষমতাকেন্দ্রিক; কিন্তু বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে আওয়ামী লীগের বিরোধ আদর্শিক। আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত সব হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারির গণভোটে জনগণ জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে মত দিয়েছে। সরকার যদি জাতীয় ঐক্য চায়, তাহলে জনগণের সেই রায় অনুযায়ী জুলাই সনদ কার্যকর করতে হবে। অন্যথায় জাতীয় ঐক্যের আহ্বান কার্যকর ফল বয়ে আনবে না। বিশেষ অতিথির বক্তব্যে সংগঠনের আরেক যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হুসাইন মিয়াজি ফ্যাসিবাদী নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হুসাইন রাজীর সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা রাকীবুল ইসলাম ও উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুর্শিদ সিদ্দিকী। সমাবেশে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা কুরবান আলী কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা মুহাম্মাদ ফয়সাল, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, অফিস সম্পাদক মাওলানা রুহুল আমিন, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজ, ঢাকা দক্ষিণের সভাপতি মাওলানা সানাউল্লাহ, সহসভাপতি মাওলানা আতিকুর রহমান ও মাওলানা জয়নুল আবেদীন, ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি মাওলানা এহসানুল হক ও মাওলানা আব্দুল কাদেরসহ কেন্দ্র ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা। সমাবেশ শেষে আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নাইটেঙ্গেল মোড়ে গিয়ে দোয়ার মাধ্যমে শেষ হয়। এসএইচ/ |