ফ্যাসিবাদের আস্ফালন বেড়েছে, দায় সরকারের: গাজী আতাউর রহমান
প্রকাশ: ২৪ নভেম্বর, ২০২৬, ০৭:৪৫ বিকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

গণ-অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদ থেকে মুক্তির পর দেশে দৃশ্যত সুষ্ঠু নির্বাচন হলেও আট মাস পেরিয়ে এখনো স্থিতিশীলতা আসেনি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। বরং এ সময়ে ফ্যাসিবাদের আস্ফালন বেড়েছে বলে অভিযোগ করেছেন তিনি। দেশের বর্তমান পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে বলেও মন্তব্য করেন এই নেতা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির জরুরি বৈঠকে তিনি এসব কথা বলেন।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, একটি সফল গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে জাতি ফ্যাসিবাদের করালগ্রাস থেকে মুক্ত হয়েছে। এরপর দৃশ্যত সুষ্ঠু একটি নির্বাচনও হয়েছে। কিন্তু দুঃখজনক বিষয় হলো, নির্বাচনের আট মাস পার হলেও দেশে স্থিতিশীলতা আসেনি। বরং ফ্যাসিবাদের আস্ফালন বেড়েছে।

তিনি বলেন, পরিস্থিতি এতটাই নাজুক যে সরকারকে নতুন করে সংহতি সংলাপের আয়োজন করতে হচ্ছে। অথচ প্রত্যাশা ছিল, গণ-অভ্যুত্থানের পর সংস্কার ও বিচার সম্পন্ন করে জাতি ঐক্যবদ্ধভাবে ভবিষ্যতের পথে এগিয়ে যাবে। কিন্তু তা না হওয়ায় দেশের বর্তমান পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অগ্রযাত্রী হিসেবে এই পরিস্থিতিতে তাদের পক্ষে বসে থাকা সম্ভব নয়। তাই আগামী ডিসেম্বরজুড়ে রাজপথে থাকবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

তিনি জানান, আগামী ১ ডিসেম্বর মঙ্গলবার সংবাদ সম্মেলনের মাধ্যমে ডিসেম্বর মাসের কর্মসূচি ঘোষণা করা হবে।

এসএইচ/