
|
ঈমানের শক্তি যত বাড়বে, আমলও তত সুন্দর হবে: দেওবন্দের মুহতামিম
প্রকাশ:
২৬ নভেম্বর, ২০২৬, ১২:৫০ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক রাজধানীর ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ জামিয়া শারইয়্যাহয় দাওরায়ে হাদিসের শিক্ষার্থীদের উদ্দেশে দরসে হাদিস ও বিশেষ দোয়া মাহফিলে অংশ নিয়েছেন দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টা ৫৫ মিনিট থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত মাদরাসা প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে কয়েক শ শিক্ষার্থী এবং আলেম-উলামা অংশ নেন। এ সময় জামিয়া শারইয়্যাহর ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা আবু সাবের আবদুল্লাহ, নায়েবে মুহতামিম মাওলানা হাফিজুদ্দিনসহ মাদরাসার শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দরসে হাদিসে মুফতি আবুল কাসেম নোমানী বুখারি শরিফের ‘কিতাবুল ঈমান’-এর আলোকে ঈমান ও আমলের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, ঈমান শুধু অন্তরের বিশ্বাস বা সত্যায়নের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এর সঙ্গে মুখের স্বীকৃতি ও আমলেরও সম্পর্ক রয়েছে। এ প্রসঙ্গে নামাজ, রোজা, জাকাত ও হজের মতো গুরুত্বপূর্ণ ইবাদতের বিষয়গুলোও আলোচনায় এসেছে। আমল ও ঈমানের সম্পর্ক ব্যাখ্যা করে তিনি আরও বলেন, আমল হলো ঈমানের ফল, শাখা ও প্রমাণ। ঈমান যত শক্তিশালী হবে, আমলও তত সুন্দর হবে। তবে আমল ঈমানের বিকল্প কিংবা ঈমানের সমতুল্য নয়; বরং তা সঠিক ঈমানের বহিঃপ্রকাশ। তাই ঈমান, মুখের স্বীকৃতি ও আমল—এই তিনটির সমন্বয়েই দ্বীনের পূর্ণাঙ্গ ধারণা গড়ে ওঠে।
দরস শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মুফতি আবুল কাসেম নোমানী। মোনাজাতে তিনি সবার অন্তরে ইখলাস সৃষ্টি ও আমলের সংশোধনের জন্য দোয়া করেন। পাশাপাশি মহান আল্লাহর কাছে কবুলকৃত বান্দাদের অন্তর্ভুক্তি, আত্মীয়তার সব স্তরে কল্যাণ, যাবতীয় অনিষ্ট, ফিতনা ও মন্দ থেকে হেফাজত এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের তাওফিক কামনা করেন। আইও/ |