
|
ওয়াজ মাহফিলে প্রতিবন্ধকতা বন্ধ ও অনুমতি প্রক্রিয়া সহজ করার দাবি
প্রকাশ:
২৬ নভেম্বর, ২০২৬, ০১:৩৮ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক ওয়াজ মাহফিল, তাফসির মাহফিলসহ বিভিন্ন ধর্মীয় আয়োজনে অহেতুক প্রতিবন্ধকতা সৃষ্টি না করা এবং এসব অনুষ্ঠানের অনুমতি প্রক্রিয়া সহজ করার দাবি জানিয়েছে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ। সংগঠনটি বলেছে, ওয়াজ মাহফিল কোনো অপরাধ নয়; বরং ধর্ম পালন ও প্রচারের সাংবিধানিক অধিকারের অংশ। তাই নিরাপত্তার অজুহাতে ধর্মীয় আয়োজন বন্ধ বা আয়োজকদের হয়রানি করা যাবে না। মঙ্গলবার (২৪ নভেম্বর) এক বিবৃতিতে সংগঠনটির পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রশাসনিক দায়িত্বশীলদের প্রতি এ আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ। এ দেশের মানুষের জীবনযাপন ও সামাজিক সংস্কৃতিতে ধর্মের গভীর প্রভাব রয়েছে। ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল, ইসলামী সম্মেলন ও ইসলাহী মাহফিল ধর্মীয় অনুভূতির অন্যতম প্রকাশ। এসব আয়োজনে মানুষ দূর-দূরান্ত থেকে এসে ঘণ্টার পর ঘণ্টা বক্তব্য শোনে। এর মাধ্যমে অনেকে নামাজের শিক্ষা পায়, সুদ ও নেশা থেকে ফিরে আসতে উৎসাহিত হয় এবং বাবা-মায়ের খেদমতসহ নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পর্কে জানতে পারে। কিন্তু দুঃখজনকভাবে কখনো মাহফিলের অনুমতি নিতে গিয়ে হয়রানি, কখনো মাইক ব্যবহারে বাধা, আবার কখনো হঠাৎ অনুষ্ঠান বন্ধ করে দেওয়া কিংবা বক্তাকে আসতে বাধা দেওয়ার মতো ঘটনা ঘটছে। এ ধরনের প্রতিবন্ধকতা কাম্য নয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। সংগঠনটি জানায়, বাংলাদেশের সংবিধান প্রত্যেক নাগরিককে ধর্ম পালন ও প্রচারের অধিকার দিয়েছে। ওয়াজ মাহফিল সেই অধিকারেরই অংশ। তাই নিরাপত্তার প্রয়োজনীয়তা থাকলেও এর অজুহাতে ধর্মীয় আয়োজন আটকে দেওয়া উচিত নয়। বরং প্রশাসনের দায়িত্ব হলো আয়োজকদের সহযোগিতা করা। বিবৃতিতে মাহফিলের অনুমতি প্রক্রিয়া সহজ, স্বচ্ছ ও সুনির্দিষ্ট নীতিমালার আওতায় আনার দাবি জানানো হয়। একটি মাহফিল আয়োজনের অনুমতি পেতে আয়োজকদের যেন দীর্ঘদিন দৌড়ঝাঁপ করতে না হয়, সে বিষয়েও সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করা হয়। এ ছাড়া আলেম-উলামার সম্মান রক্ষার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, যারা রাত জেগে মানুষকে দ্বীনি ও নৈতিক শিক্ষা দেন, তাদের অপমান করা কিংবা মঞ্চ থেকে নামিয়ে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মতের অমিল থাকলেও সবার সম্মান বজায় রাখা জরুরি। বিবৃতিতে আরও বলা হয়, সংগঠনটি কোনো বিশৃঙ্খলা চায় না। তারা চায়, আইন মেনে এবং প্রশাসনের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে ধর্মীয় অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হোক। দেশের মানুষ যেমন আইনকে সম্মান করে, তেমনি প্রশাসনেরও উচিত মানুষের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থাকা। শেষে ওয়াজ মাহফিল, তাফসির মাহফিলসহ কোনো ধর্মীয় আয়োজনে যেন কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা না হয়, সে দাবি জানানো হয়। পাশাপাশি দেশ, আলেম সমাজ ও ধর্মপ্রাণ মানুষের নিরাপত্তা ও কল্যাণ কামনা করা হয়। আইও/ |