সনদ কার্যকরে পাকিস্তান বেফাকের কৌশল কী ছিল, জানালেন মাওলানা জালন্ধরি 
প্রকাশ: ২৭ নভেম্বর, ২০২৬, ০৩:৩০ দুপুর
নিউজ ডেস্ক

|| তানবিরুল হক আবিদ ||

পাকিস্তানে ১৯৮১-৮২ সালে দাওরায়ে হাদিস বা ‘শাহাদাতুল আলামিয়া’ সনদকে এমএ (আরবি ও ইসলামিক স্টাডিজ) সমমান দেওয়া হলেও সরকারি দপ্তরগুলোর অনীহা ও নানা প্রশাসনিক প্রতিবন্ধকতার কারণে স্বীকৃতির সুফল বাস্তবায়ন সহজ ছিল না। তবে ধারাবাহিক প্রচেষ্টা, আইনি পদক্ষেপ ও বিকল্প কৌশলের মাধ্যমে সেই বাধা অতিক্রম করেছে দেশটির কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাক। এর ফলে বর্তমানে পাকিস্তানের কওমি মাদরাসার ফারেগ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডি করছেন। পাশাপাশি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে আরবি ও ইসলামিয়াতের শিক্ষক হিসেবেও নিয়োগ পাচ্ছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব অভিজ্ঞতা তুলে ধরেন পাকিস্তান বেফাকের মহাসচিব মাওলানা হানিফ জালন্ধরি।

সভায় এক প্রশ্নের জবাবে মাওলানা হানিফ জালন্ধরি বলেন, পাকিস্তানে দাওরায়ে হাদিসের সনদ এমএ সমমান পেলেও সরকারি দপ্তরগুলোর একাংশের মধ্যে মাদরাসা শিক্ষার্থীদের চাকরিতে প্রবেশের বিষয়ে অনীহা রয়েছে। এ কারণে নিয়োগের ক্ষেত্রে ইংরেজি জানা কিংবা অতিরিক্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতো শর্ত জুড়ে দেওয়া হয়।

তবে এসব প্রতিবন্ধকতার মুখে পিছিয়ে না গিয়ে ধারাবাহিকভাবে কাজ করেছে পাকিস্তান বেফাক। নিজেদের যোগ্যতা প্রমাণ এবং প্রয়োজনীয় উদ্যোগের ফলে মাদরাসার ফারেগরা উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডি করার পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আরবি ও ইসলামিয়াতের শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশের কওমি মাদরাসার সনদের স্বীকৃতি বাস্তবায়নের ক্ষেত্রেও মন্ত্রণালয়, জাতীয় সংসদ ও আদালতের সহযোগিতা নেওয়ার পরামর্শ দেন তিনি।

পাকিস্তানে কওমি মাদরাসার ‘সানাবিয়া আম্মা’ (ম্যাট্রিক), ‘সানাবিয়া খাসসা’ (ইন্টারমিডিয়েট) ও ‘আলিয়া’ (বিএ) সনদ সরাসরি সাধারণ শিক্ষার সমমান করা হয়নি। তবে এসব স্তরের শিক্ষার্থীদের জন্য বিকল্প পদ্ধতি চালু করেছে দেশটির বেফাক।

মাওলানা হানিফ জালন্ধরি জানান, কোনো মাদরাসা শিক্ষার্থী ম্যাট্রিকের ক্ষেত্রে ইংরেজি, বিজ্ঞান ও গণিত—এই তিন বিষয়ে পরীক্ষা দিলেই মাদরাসার সনদে থাকা ইসলামিয়াত ও অন্যান্য বিষয়ের নম্বর যুক্ত করে তাকে নিয়মিত ম্যাট্রিকের সনদ দেওয়া হয়। একইভাবে প্রয়োজনীয় দুটি বিষয়ে পরীক্ষা দিয়ে ইন্টারমিডিয়েট ও স্নাতক পর্যায়ের নিয়মিত সনদ অর্জনের সুযোগ রয়েছে।

পাকিস্তান বেফাকের শিক্ষা কার্যক্রমের আধুনিকায়ন নিয়েও বিস্তারিত তুলে ধরেন মহাসচিব। তিনি জানান, হিফজ ও প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য তিন ধরনের পাঠ্যক্রম চালু করা হয়েছে। এর মধ্যে হিফজ শিক্ষার্থীদের জন্য গণিত, ইংরেজি ও উর্দুসহ প্রাথমিক শিক্ষা সম্পন্ন করার পাঠ্যক্রম, নাজেরা শিক্ষার্থীদের জন্য দুই থেকে তিন বছরের কোর্স এবং সাধারণ স্কুল থেকে আসা শিক্ষার্থীদের জন্য এক বছরের বিশেষ কোর্স রয়েছে।

পাশাপাশি হযরত মুফতি মুহাম্মদ তকী উসমানীর তত্ত্বাবধানে অষ্টম শ্রেণি পর্যন্ত ইংরেজি, গণিত, বিজ্ঞান ও সমাজবিজ্ঞানের নিজস্ব পাঠ্যবই তৈরি করেছে পাকিস্তান বেফাক। এসব বইয়ের গণিত পাঠ্যক্রমে মিরাস বা উত্তরাধিকারসংক্রান্ত মাসআলাও অন্তর্ভুক্ত করা হয়েছে। সাধারণ শিক্ষাব্যবস্থা থেকে ম্যাট্রিক পাস করা শিক্ষার্থীদের সরাসরি মাদরাসার উলা জামাতে ভর্তির সুযোগও রয়েছে।

শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ও সংশ্লিষ্ট দায়িত্বশীলদের প্রশিক্ষণের জন্য ‘তাদরিবুল মুআল্লিমিন’ নামে পৃথক বিভাগ চালু করেছে পাকিস্তান বেফাক। অঞ্চলভিত্তিক জোনে ভাগ করে শিক্ষক, মুহতামিম, প্রশ্নপ্রণেতা ও পরিদর্শকদের প্রশিক্ষণ দেওয়া হয়।

এ প্রশিক্ষণে শিক্ষার্থীদের শারীরিক শাস্তি না দেওয়া এবং আধুনিক পাঠদান পদ্ধতির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় বলে জানান মাওলানা জালন্ধরী।

শিক্ষাব্যবস্থার অগ্রগতির পাশাপাশি দ্বীনি শিক্ষার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের কথাও তুলে ধরেন পাকিস্তান বেফাকের মহাসচিব। তিনি বলেন, জনসংখ্যা যে হারে বাড়ছে, সেই অনুপাতে দ্বীনি শিক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ছে না; বরং শিক্ষার্থীদের অনুপাত কমছে। এ পরিস্থিতি মোকাবিলায় সাধারণ মানুষের মধ্যে দ্বীনি শিক্ষার গুরুত্ব তুলে ধরতে আরও মনোযোগী হতে হবে।

এ সময় তিনি বাংলাদেশ বেফাকের একটি প্রতিনিধিদলকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান। একই সঙ্গে বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের কওমি মাদরাসা শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলার আহ্বান জানান। তার মতে, পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে তিন দেশের কওমি শিক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী করা সম্ভব।

বেফাকের সিনিয়র সহসভাপতি মাওলানা সাজিদুর রহমানের সমাপনী বক্তব্য এবং মাওলানা হানিফ জালন্ধরির দোয়ার মাধ্যমে সভা শেষ হয়।

এসএইচ/