
|
বিশেষ অনলাইন সেবা চালু, ওমরাহযাত্রীদের মিলবে ৭ ভাষায় নির্দেশনা
প্রকাশ:
২৭ নভেম্বর, ২০২৬, ০৪:৩০ দুপুর
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক ওমরাহ পালন সহজ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে ‘ডিজিটাল মুতাওয়িফ’ নামে বিশেষ অনলাইন সেবা চালু করেছে সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ওমরাহযাত্রীরা পুরো সফরে এ সেবার মাধ্যমে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও বিভিন্ন সহায়তা পাবেন। সাতটি আন্তর্জাতিক ভাষায় পরিচালিত এ সেবায় রয়েছে ওমরাহর বিধিবিধান জানার পাশাপাশি তাওয়াফ ও সাঈর হিসাব রাখার সুবিধা। ডিজিটাল মুতাওয়িফের মাধ্যমে ওমরাহর প্রতিটি আনুষ্ঠানিকতা পালনের নিয়ম ও প্রয়োজনীয় নির্দেশনা জানা যাবে। এতে ওমরাহর বিভিন্ন বিধান নিয়ে বিস্তারিত নির্দেশিকা যুক্ত করা হয়েছে। পাশাপাশি রয়েছে দোয়া ও মোনাজাতের অডিও-ভিডিও সুবিধা, যা ওমরাহ পালনকারীদের প্রয়োজনীয় দোয়া শিখতে ও অনুসরণ করতে সহায়তা করবে। এ সেবার অন্যতম বিশেষত্ব হলো তাওয়াফ ও সাঈর চক্কর গণনার ব্যবস্থা। এর মাধ্যমে ওমরাহযাত্রীরা তাওয়াফের সাত চক্কর এবং সাফা-মারওয়ার মধ্যবর্তী সাঈর হিসাব সহজেই রাখতে পারবেন। ফলে চক্কর গণনায় ভুল বা বিভ্রান্তির আশঙ্কা কমবে। সাতটি আন্তর্জাতিক ভাষায় সেবাটি পরিচালিত হওয়ায় বিভিন্ন দেশের ওমরাহযাত্রীরা নিজ নিজ ভাষায় প্রয়োজনীয় নির্দেশনা পাওয়ার সুযোগ পাবেন। ডিজিটাল মুতাওয়িফ সেবাটি ব্যবহার করতে ভিজিট করা যাবে: https://alharamain.gov.sa/tawaf/ সূত্র: হারামাইন আর্কাইভ এমএইচ/ |