ধামইরহাট সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি
প্রকাশ: ২৮ নভেম্বর, ২০২৬, ০১:০০ দুপুর
নিউজ ডেস্ক

বিশেষ প্রতিনিধি:

দেশের সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে নওগাঁর ধামইরহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, চোরাচালানসহ সকল প্রকার সীমান্ত অপরাধ প্রতিরোধে কঠোর অবস্থান গ্রহণ করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। সীমান্ত এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে বিশেষ নজরদারি শুরু করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত অপরাধ নির্মূলে দিন-রাত নিয়মিত টহল তৎপরতা জোরদার করার পাশাপাশি বিশেষ টহল পরিচালনা, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ কার্যক্রম চালানো হচ্ছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে সীমান্ত ব্যবহার করে অবৈধ কর্মকাণ্ড পরিচালনা কিংবা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে বিষয়ে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

পাশাপাশি সীমান্তের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন, অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সীমান্তবর্তী সাধারণ মানুষের সঙ্গে সমন্বয় বাড়ানো হয়েছে। এ লক্ষ্যে সীমান্ত এলাকায় নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করছে বিজিবি।

এ বিষয়ে পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এহসান হাবীব জানান, সীমান্তবর্তী জনসাধারণকে সকল প্রকার অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার পাশাপাশি এলাকায় সন্দেহজনক কোনো গতিবিধি বা কর্মকাণ্ড পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ বিজিবি ক্যাম্পে তথ্য প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের জানমালের সুরক্ষায় ১৪ বিজিবি সর্বদা বদ্ধপরিকর উল্লেখ করে তিনি জানান, সীমান্ত অপরাধ প্রতিরোধে বাহিনীর এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

টিএইচএ/