লেদার ফাউন্ডেশনের আত্মপ্রকাশ, চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব
প্রকাশ: ২৮ নভেম্বর, ২০২৬, ০৪:৪২ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

দেশের চামড়া ও পাদুকা শিল্পের টেকসই উন্নয়ন, দক্ষ জনবল তৈরি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং সংশ্লিষ্ট বাণিজ্য সংগঠনগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করেছে ‘লেদার ফাউন্ডেশন অব বাংলাদেশ’ (এলএফবি)। চামড়া শিল্পের বিদ্যমান সংকট নিরসন ও সম্ভাবনা কাজে লাগাতে সংগঠনটি ১৩ দফা কৌশলগত প্রস্তাবনা ঘোষণা করেছে।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে অলাভজনক এ জাতীয় শিল্প-উন্নয়ন প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরার পাশাপাশি চামড়া শিল্পের উন্নয়নে সরকারের কাছে বিভিন্ন প্রস্তাব তুলে ধরা হয়।

এলএফবির ১৩ দফা প্রস্তাবনার মধ্যে রয়েছে—স্বতন্ত্র চামড়া মন্ত্রণালয় অথবা বিধিবদ্ধ লেদার বোর্ড গঠন, শিল্পের সংকট মোকাবিলায় ৫ হাজার কোটি টাকার বিশেষ তহবিল, সহজ শর্তে ঋণ ও রপ্তানি প্রণোদনা, সাভারের কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) আধুনিকায়ন এবং নতুন দুটি সিইটিপি নির্মাণ।

এ ছাড়া লেদার গুডস ও ফুটওয়্যার শিল্পের জন্য এক থেকে দুটি বিশেষায়িত শিল্পপার্ক প্রতিষ্ঠা, নতুন চার থেকে পাঁচটি চামড়া শিল্পাঞ্চল গড়ে তোলা, বিদেশি বিনিয়োগ আকর্ষণে বিশেষ উদ্যোগ এবং কোরবানির ঈদে কাঁচা চামড়া সংরক্ষণে ২০টির বেশি আধুনিক হাব স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে।

প্রস্তাবনায় কাঁচা চামড়ার ব্যবসায়ী, আড়তদার ও রপ্তানিকারকদের স্বল্পমেয়াদি ঋণ দেওয়া, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য শুল্কমুক্ত রাসায়নিক আমদানি সুবিধা, রাসায়নিক শিল্পাঞ্চল প্রতিষ্ঠা এবং একটি পূর্ণাঙ্গ লেদার-ফুটওয়্যার বিশ্ববিদ্যালয় ও আধুনিক গবেষণাগার গড়ার কথাও বলা হয়েছে।

একই সঙ্গে ঢাকা ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচা ও লবণযুক্ত চামড়া সংরক্ষণে ১০ থেকে ১৫টি হিমাগার স্থাপন, দেশীয় চামড়াজাত পণ্যের ব্যবহার বাড়ানো এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের বাধা দূর করার প্রস্তাব দিয়েছে সংগঠনটি। সরকারি বাহিনীগুলোর দাপ্তরিক ও আনুষ্ঠানিক প্রয়োজনে দেশীয় চামড়া ও পাটজাত জুতা, বেল্ট এবং অন্যান্য সামগ্রীর ব্যবহার বাধ্যতামূলক করার দাবিও জানানো হয়েছে।

এ ছাড়া বিশেষ অগ্রাধিকার হিসেবে সারা বছর কাঁচা চামড়ার গুণগত মান বজায় রাখতে গবাদিপশুর সুষম খাদ্য নিশ্চিত করা, কৃত্রিম উপায়ে পশু মোটাতাজাকরণ নিষিদ্ধ করা এবং ইউনিয়ন পর্যায়ে ভেটেরিনারি চিকিৎসক নিয়োগের দাবি জানানো হয়।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের সভাপতি সাদাত হোসেন সেলিম বলেন, চামড়া শিল্পের পরিবেশগত উন্নয়নে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) গুরুত্বপূর্ণ হলেও এটিই সব সমস্যার একমাত্র সমাধান নয়। ইটিপিই একমাত্র সমাধান হলে খুলনার সুপার এক্স লেদারের মতো প্রতিষ্ঠান আজ সংকটে পড়ত না। যারা বাস্তবে চামড়া শিল্পকে টিকিয়ে রেখেছেন, সেই উদ্যোক্তা ও ব্যবসায়ীদের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে রাসায়নিক সরবরাহ এবং আমদানি-রপ্তানিতে কার্যকর সরকারি সহায়তা দিতে হবে।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব এম মুফাজ্জল ইবনে মাহফুজ বলেন, শিল্পের সব খাত, বাণিজ্য সংগঠন, উদ্যোক্তা ও কারিগরি প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলাই এলএফবির অন্যতম লক্ষ্য। আধুনিক প্রযুক্তির ব্যবহার, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নীতিগত সহায়তা আদায়ে সংগঠনটি পরিকল্পিতভাবে কাজ করবে।

মূল প্রবন্ধে সংগঠনের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার এ ফাত্তাহ আল মঞ্জুর আসিফ বলেন, নিজস্ব কাঁচামাল ও কর্মঠ জনশক্তি থাকা সত্ত্বেও দক্ষ মধ্যম সারির জনবল ও আধুনিক প্রযুক্তির ঘাটতি এবং লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) সনদ অর্জনের জটিলতার কারণে বিশ্ববাজারে বাংলাদেশের চামড়া শিল্প কাঙ্ক্ষিত অবস্থান তৈরি করতে পারছে না।

তিনি জানান, এ শূন্যতা পূরণে সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট-১৮৬০-এর অধীনে নিবন্ধিত এলএফবি ছয়টি স্থায়ী কর্মসূচি শাখার মাধ্যমে কাজ করবে। প্রথম বছরের কর্মপরিকল্পনায় এক হাজার কর্মীকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, ৩০টি কারখানাকে ‘মডেল গ্রিন ফ্যাক্টরি’তে রূপান্তর এবং শ্রমিকদের সন্তানদের জন্য ‘এলএফবি শিক্ষা সহায়তা বৃত্তি’ চালুর ঘোষণা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সংগঠনের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট শফিকুর রহমান চামড়া ব্যবসায়ীদের সহজ শর্তে ঋণপ্রাপ্তি ও ব্যবসাবান্ধব নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্ব দেন। সহসভাপতি মাওলানা মাহবুবুল হক কওমি মাদরাসাসহ ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কোরবানির চামড়া সংগ্রহ ও প্রাথমিক প্রক্রিয়াজাতকরণে কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করতে শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইএলইটির অধ্যাপক ড. সবুর আহমেদ, লেটস-বির প্রেসিডেন্ট মোহাম্মদ অভি, চামড়া শিল্প রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আফজাল হোসাইন, এনসিপির ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা সানাউল্লাহ খান, কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের চেয়ারম্যান সোহেল আহমেদ, স্টেপ ফুটওয়্যারের প্রধান নির্বাহী কর্মকর্তা শামিম আমিনুল, কর্মসংস্থান ব্যাংকের পরিচালক ও এসএ টিভির বার্তা সম্পাদক টি. সালাউদ্দিন আহমেদ এবং ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের গভর্নর মুফতি আজহারুল ইসলাম ও মুফতি শরিফুল্লাহ।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি রাজেকুজ্জামান রতন, বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি টিপু সুলতান, বাংলাদেশ চামড়াজাত দ্রব্য প্রস্তুতকারক সমিতির উপদেষ্টা হাজি গোলাম কিবরিয়া চৌধুরী, অর্থ সম্পাদক বিল্লাল হোসেন, সহসাধারণ সম্পাদক জিয়া, গ্যাংচিও ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক আসিফ, দৈনিক সংবাদ সারাবেলার নির্বাহী সম্পাদক কাজী হাবিবুর রহমানসহ এলএফবির সহসভাপতি বেলাল হোসেন, কোষাধ্যক্ষ শাহ সুলতান এবং পরিচালক মাকসুদা খাতুন, এম ফয়সল মাহফুজ ও শোয়াইব ইবনে মাহফুজ।

এসএইচ/