আল্লামা সরওয়ার কামাল আজিজী স্মরণে নেজামে ইসলামের আলোচনা সভা
প্রকাশ: ২৯ নভেম্বর, ২০২৬, ০৮:১৬ রাত
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সাবেক আমির, প্রখ্যাত আলেম ও প্রবীণ রাজনীতিবিদ আল্লামা সরওয়ার কামাল আজিজীর (রহ.) জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে তার দ্বীনি খেদমত, রাজনৈতিক প্রজ্ঞা, আদর্শিক দৃঢ়তা ও জাতীয় জীবনে অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বক্তারা।

রোববার (২৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের শহীদ আবদুস সালাম হলে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত আমীর মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, বিগত দিনে জাতীয় রাজনীতিতে, বিশেষত ফ্যাসিবাদ-পরবর্তী রাষ্ট্রকাঠামো বিনির্মাণের সংস্কারপ্রক্রিয়ায় আল্লামা সরওয়ার কামাল আজিজীর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। জুলাইয়ের গণ-আকাঙ্ক্ষা পূরণে তিনি দৃঢ়তার সঙ্গে মাঠে কাজ করেছেন।

তিনি বলেন, জনগণের এই আকাঙ্ক্ষা পূরণ এবং গণভোটের রায় বাস্তবায়নে এগারো দলীয় ঐক্য কোনো ধরনের আপসকামিতার পরিচয় দেবে না। ফ্যাসিবাদী অপশক্তির নৈরাজ্যপূর্ণ আস্ফালন দমনে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।

প্রধান আলোচক আল্লামা মামুনুল হক বলেন, জুলাই সনদ বাস্তবায়নে শাসক দল বিএনপিকে আত্মঘাতী ও দ্বিমুখী ভূমিকা থেকে ফিরে আসতে হবে। দেশের জনগণ কোনো অবস্থাতেই এ ধরনের ভূমিকা মেনে নেবে না।

সভাপতির বক্তব্যে মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী বলেন, মরহুম আমীরে নেজাম আল্লামা সরওয়ার কামাল আজিজী ছিলেন আধ্যাত্মিকতা, ইখলাস, তাকওয়া ও বিনয়ের উচ্চ গুণাবলির অধিকারী। তিনি আদর্শবাদী রাজনীতির ধারক ছিলেন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, জাগপার ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান।

এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমীর মাওলানা আবদুল মাজেদ আতহারী, মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, যুগ্ম মহাসচিব ডা. মাওলানা মুহাম্মদ ইলিয়াস খাঁন, সংগঠন সচিব হাফেজ মাওলানা আবু তাহের খাঁনসহ দেশের বিশিষ্ট আলেম, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আলোচনা সভায় বক্তারা আল্লামা সরওয়ার কামাল আজিজীর জীবনাদর্শ এবং দ্বীনি ও রাজনৈতিক অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

এসএইচ/