
|
জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের আমেলা বৈঠক, কার্যক্রম জোরদারের সিদ্ধান্ত
প্রকাশ:
২৯ নভেম্বর, ২০২৬, ০৮:২৩ রাত
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক রাজধানীতে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করতে ২৬টি থানায় তৎপরতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ। এ লক্ষ্যে তৃণমূল পর্যায়ে দাওয়াতি কার্যক্রম জোরদার, নতুন কর্মী সংগঠিত করা এবং সাংগঠনিক পরিধি বিস্তারের পরিকল্পনা নেওয়া হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বাদ মাগরিব রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ে মহানগর দক্ষিণের মাসিক আমেলা বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের মহানগর দক্ষিণের সভাপতি মুফতি মাহবুবুল আলম কাসেমী। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুফতি নূরুল আলম ইসহাকী। বৈঠকে মহানগর দক্ষিণের সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী ও কার্যকর করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে মহানগর দক্ষিণের আওতাধীন ২৬টি থানায় সাংগঠনিক কার্যক্রম জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া তৃণমূল পর্যায়ে দাওয়াতি তৎপরতা বৃদ্ধি, নতুন কর্মী সংগঠিত করা এবং সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করতে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। বৈঠকে সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের চলমান জ্বালাও-পোড়াও ও সহিংস কর্মকাণ্ডের নিন্দা জানানো হয়। একই সঙ্গে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। এতে উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণের সহসভাপতি মাওলানা আবুল বাশার ও মাওলানা সলিমুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি হাসান আহমদ, সহসাধারণ সম্পাদক মাওলানা বেলায়েত হোসাইন ও মাওলানা সলিমুল্লাহ খান হানাফি, সাংগঠনিক সম্পাদক মাওলানা আনোয়ার হামিদী, মুফতি মাহমুদুল হাসান, মাওলানা জামিল আহমদ, মুফতি রেজাউল করিম দরবস্তি, মুফতি মোবাশ্বির হোসাইন, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা আবদুল করিম, মাওলানা নাসির বিন নূর, মাওলানা জুবায়ের, মাওলানা আনিসুর রহমান, মাওলানা কাউসার মাহমুদ, হাফেজ আনোয়ার হোসাইন ও মাওলানা মোতাহার হোসাইনসহ আমেলার শীর্ষস্থানীয় নেতারা। এসএইচ/ |