নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বংশাল থেকে নিখোঁজ হওয়ার ছয় দিন পর ১১ বছরের মাদরাসাছাত্র জিসানের সন্ধান মিলেছে চাঁদপুরে। পুলিশ বলছে, তাকে কেউ অপহরণ করেনি; মোবাইলফোন নেওয়ার অভিযোগে ভয় পেয়ে নিজেই মাদরাসা থেকে পালিয়ে যায় সে। নিখোঁজের সুযোগ নিয়ে এদিকে জিসানকে অপহরণ করা হয়েছে দাবি করে তার পরিবারের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় একটি প্রতারক চক্র।
গত ২৭ সেপ্টেম্বর চাঁদপুর থেকে জিসানকে উদ্ধার করে বংশাল থানা পুলিশ। পরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোস্তাক সরকার।