মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮


কাতারের আমিরকে সৌদি বাদশাহর দাওয়াত, উপসাগরীয় ঐক্যে হাওয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের বাদশাহ সালমান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে তার দেশে আমন্ত্রণ জানিয়েছেন। কাতারের আমিরের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। এ উদ্যোগকে সাবেক দুই প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের বড় লক্ষণ হিসেবে দেখা হচ্ছে।

রিয়াদ এবং তার মিত্র দেশগুলো ২০১৭ সালের জুনে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। তাদের অভিযোগ, ইরানের সঙ্গে দেশটির সম্পর্ক অতিমাত্রায় ঘনিষ্ঠতা পেয়েছে, এতে করে আঞ্চলিক অস্থিতিশীলতা বাড়ছে। কিন্তু, কাতার কখনও এসব অভিযোগ আমলে নেয়নি।

সে সময় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মিশর উপসাগরীয় ছোট্ট দেশটির সঙ্গে কূটনৈতিক এবং বাণিজ্য সম্পর্ক ছিন্ন করে এবং স্থল, সমুদ্র এবং বিমান অবরোধ আরোপ করে।

তবে জানুয়ারিতে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কূটনৈতিক তৎপরতার পর দেশগুলো কাতারের সঙ্গে আবার সম্পর্ক স্থাপনে সম্মত হয়।

গতককাল সোমবার বাদশাহ সালমানের পক্ষ থেকে কাতারের আমির সৌদি সফরের আমন্ত্রণসহ একটি চিঠি পেয়েছেন বলে আমিরের অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়।

শেখ তামিম দাওয়াত গ্রহণ করেছেন কিনা, অথবা কখন এ সফর অনুষ্ঠিত হবে, এ বিষয়ে বিবৃতিতে কিছু বলা হয়নি। শেখ তামিম সর্বশেষ জানুয়ারিতে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের আয়োজনে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে অংশ নিতে সৌদি সফর করেন। ওই সম্মেলনেই অবরোধ তুলে দেশগুলোর মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার ঘোষণা এসেছিল। তখন তিনি সৌদি বাদশাহর সঙ্গে দেখা করেননি।

কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে দোহা সফর করা সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ দাওয়াতনামাটি হস্তান্তর করেন। দোহায় দুই পররাষ্ট্রমন্ত্রী উপসাগরীয় ঐক্য নিয়ে আলোচনা করেছেন বলে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

সৌদি মিত্রদের সঙ্গে কাতারের সম্পর্ক আনুষ্ঠানিকভাবে পুনঃপ্রতিষ্ঠিত হলেও পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে সর্বোচ্চ মাত্রার সতর্কতা অবলম্বন করছে দেশগুলো। এ প্রেক্ষাপটে কাতারের আমিরকে সৌদি বাদশাহর আমন্ত্রণ সন্দেহের দোলাচল থেকে দেশগুলোকে বেরিয়ে আনার প্রাথমিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ