
|
আলিফ হত্যা মামলায় চিন্ময়সহ আসামিদের উপস্থিতিতে বিচারিক কার্যক্রম শুরু আজ
প্রকাশ:
১৯ জানুয়ারী, ২০২৬, ১০:২৯ দুপুর
নিউজ ডেস্ক |
|
চট্টগ্রামের আলোচিত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার বিচারিক কার্যক্রম আজ থেকে শুরু হচ্ছে। সোমবার (১৯ জানুয়ারি) চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের শুনানির মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হওয়ার কথা রয়েছে। সোমবার মামলাটিতে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা ২২ জন আসামিকে কড়া নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রায়হানুল ওয়াজেদ চৌধুরী। তিনি দেশের একটি গণমাধ্যমকে বলেন, গত ১৪ জানুয়ারি বিচারিক আদালতে মামলার প্রথম ধার্য তারিখ ছিল। এদিন আসামিদের উপস্থিতি ও চার্জগঠনের জন্য দিন নির্ধারিত ছিল। যেহেতু মামলার প্রথম তারিখ, তাই নথিপত্র পর্যালোচনা করা হয়েছিল। সকল আসামির উপস্থিতিতে ১৯ জানুয়ারি চার্জগঠনের তারিখ নির্ধারণ করে আদালত। আদালত সূত্রে জানা গেছে, গত ১৪ জানুয়ারি শুনানিকালে কয়েকজন আসামি আদালতের অনুমতি নিয়ে বক্তব্য রাখেন এবং নিজেদের পক্ষে আইনজীবী ও নিরাপত্তা চেয়ে আবেদন করেন। আদালত আসামিদের আইনজীবী নিয়োগ ও প্রয়োজনীয় নিরাপত্তা প্রদানের বিষয়ে আইনানুগ সকল ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে আশ্বস্ত করেন। আদালত সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২৬ নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখার সদস্যরা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে। পরদিন কোতোয়ালি থানায় দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয় তাকে। আদালত জামিন নামঞ্জুর করে চিন্ময় কৃষ্ণকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ নিয়ে বিক্ষোভ করেন ইসকন অনুসারীরা। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়ান বিক্ষোভকারীরা। ওইদিন দুপুরের পর বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে আদালত এলাকায় মসজিদ-দোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালান।
এনএইচ/ |